ফের রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন ইরাকের শিয়া নেতা মোকতাদা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৯, ২০২২, ০৯:২৬ পিএম

ফের রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন ইরাকের শিয়া নেতা মোকতাদা

রাজনীতি ছাড়ার পাশাপাশি দেশের সব রাজনৈতেক কার্যালয় ও কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মোকতাদা আল-সদর।

কাতারভিত্তিক আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার টুইটারে দেওয়া এক বিবৃতিতে মোকতাদা বলেন, তিনি  রাজনীতি ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছেন।

টুইটারে প্রকাশিত বিবৃতিতে এ শিয়া নেতা তার বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করে দাবি করেছেন, তারা তার কথা শোনেননি। 

ইরাকের এই প্রভাবশালী নেতার ঘোষণায় আরও উত্তপ্ত হয়ে ওঠে দেশটির রাজনৈতিক পরিস্থিতি। তার সমর্থকরা গ্রিন জোনে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ভেতর ঢুকে পড়ে ও সেখানে তাণ্ডব চালায়। 

গত জুলাই থেকে ইরাকের সংসদের সামনে অবস্থান কর্মসূচী পালন করছেন মোকতাদা আল-সদরের সমর্থকরা। ওই মাসের শেষ দিকে ইরাকের বিরোধী দলগুলো নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করার চেষ্টা চালালে আল সদরের সমর্থকরা সংসদের ভেতর প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালায়। 

মোকদাতা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পর তার সমর্থকরা বিরোধী দলের সমর্থকদের অবস্থান কর্মসূচির ওপর চড়াও হওয়ার চেষ্টা করে।

প্রসঙ্গত, ২০২১ সালের অক্টোবরে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে মোকতাদা আল-সদরের সমর্থনকারীরা বেশিরভাগ আসনে জয় পেলেও তারা সরকার গঠন করতে পারেনি।এরই জেরে গত জুনে গণহারে নিজের সমর্থনকারীদের পদত্যাগের নির্দেশ দেন আল-সদর। যা সবাই করেন। ইরাকের বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে কিনা সে বিষয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) ইরানের সুপ্রিম কোর্ট রায় দেবে।

এর আগেও মোকতাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তবে কয়েকদিন পরই রাজনীতির মাঠে ফিরে আসেন ইরাকের এই শিয়া নেতা।

Link copied!