ফোনে নয়, এবার মুখোমুখি বসবেন বাইডেন-জিনপিং

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৯, ২০২২, ০২:৪৮ পিএম

ফোনে নয়, এবার মুখোমুখি বসবেন বাইডেন-জিনপিং

তাইওয়ান ইস্যুতে উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মুখোমুখি বৈঠকে সম্মত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রায় দেড় বছরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে এখন পর্যন্ত পাঁচবার ফোনালাপ করেছেন বাইডেন। তবে এবারই প্রথম সামনাসামনি সাক্ষাৎ করবেন তারা। তবে কোনো পক্ষই বৈঠকের দিন-তারিখ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানায়নি।

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ফোনালাপকালে বাইডেন ও জিনপিং সামনাসামনি বসার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন এবং এ ব্যাপারে একমতও হয়েছেন তারা।

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরকে ঘিরে ওয়াশিংটন-বেইজিংয়ের তুমুল উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার একে অপরের সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন ও জিনপিং।

বৃহস্পতিবার ভিডিও কলে আলাপ শেষ হওয়ার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতার মধ্যকার আলাপ দুই ঘণ্টা ১৭ মিনিট স্থায়ী হয়।

Link copied!