বন্যার্তদের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৮, ২০২২, ০১:৪৯ পিএম

বন্যার্তদের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে পাকিস্তান

টানা দুই মাস ধরে ভয়াবহ বন্যা মোকাবিলা করছে পাকিস্তান। এতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজারের ঘর। এই পরিস্থিতিতে বন্যা মোকাবিলায় আরও আন্তর্জাতিক সহায়তা চেয়েছে পাকিস্তান।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালমান সুফি বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও অন্য দেশগুলো সহযোগিতার হাত বাড়িয়েছে। তবে আরও তহবিল প্রয়োজন।

সালমান সুফি আরও বলেন, গত জুন মাস থেকে এক হাজারের বেশি লোকের প্রাণহানি হয়েছে। কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান সরকার বন্যার্তদের সহযোগিতা করতে সবকিছু করার চেষ্টা করছেন। গৃহহীন মানুষ সহায়তার জন্য অপেক্ষা করছে।

এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের সরকার বৈশ্বিক সহায়তা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। দেশটির সরকারের আবেদনে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-সহ অন্যান্য দেশ ইতোমধ্যেই দুর্যোগ মোকাবিলায় দেশটিকে সহায়তা দিয়েছে।

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নদী প্লাবিত হয়েছে। বন্যার কারণে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সুফি বিবিসিকে বলেন, পাকিস্তানে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। তিনি বলেন, পাকিস্তান এমনিতেই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। কিন্তু দেশটি যখন অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠছে, তখনই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে।

Link copied!