যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টার পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের (এনআইএআইডি) পরিচালকের পদও ছাড়ছেন। গতকাল সোমবার এ দুই পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। বিবিসি ও রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।
ফাউচি আগামী ডিসেম্বরে ওই পদগুলো থেকে সরে যাচ্ছেন। যার মধ্য দিয়ে তার অর্ধ শতাব্দীর বেশি সময়ের সরকারি চাকরি জীবন শেষ হতে চলেছে।
১৯৮৪ সাল থেকে এনআইএআইডি-র পরিচালকের দায়িত্ব পালন করছেন ফাউচি। তার বয়স এখন ৮১ বছর।
২০২০ সালে করোনা মহামারির শুরুর দিকে এ রোগের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মুখপাত্র হয়ে উঠেছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের সাতজন প্রেসিডেন্টের অধীনে কাজ করেছেন ফাউচি। শুরু করেন রোনাল্ড রিগ্যানকে দিয়ে। দীর্ঘ কর্মজীবনে তিনি এইডস, ইবোলা ও জিকা ভাইরাসের মতো কয়েকটি মারাত্মক সংক্রামক রোগের নতুন প্রাদুর্ভাব এবং সেগুলোর বারবার ফিরে আসা দেখেছেন।
সোমবার পদত্যাগের ঘোষণা দিয়ে ফাউচি বলেন, ‘‘যখন আমি আমার বর্তমান পদগুলো থেকে সরে যাব, এই নয় যে আমি অবসর নিচ্ছি।
‘‘পঞ্চাশ বছরের বেশি সময় ধরে সরকারি চাকুরি করার পর, আমি আমার কর্মজীবনের পরবর্তী ধাপে যাওয়ার পরিকল্পনা করেছি। যেহেতু, আমার শরীরে এখনো যথেষ্ট শক্তি আছে এবং আমি যেক্ষেত্রে কাজ করি তার প্রতি আমার ভালোবাসাও বজায় আছে।”