নভেম্বর ১৬, ২০২২, ০৩:৫০ পিএম
ইউক্রেনের প্রতিবেশি পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ হয়ে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে পুরো বিশ্বে হইচই পড়ে যায়। অভিযোগ গিয়ে পড়ে রাশিয়ার ওপর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ব নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসে যান। জি-৭ জোট এবং ন্যাটোও জরুরি বৈঠকে বসার ঘোষণা দেয়।
তারপর জানা গেল, পোল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় যে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়েছে, সেটি ছুড়েছেন ইউক্রেনের সেনারা।
বুধবার (১৬ নভেম্বর) মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র আটকাতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছিলেন ইউক্রেনের সেনারা। সেই ক্ষেপণাস্ত্রই পোল্যান্ডে গিয়ে বিস্ফোরিত হয়।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শুরুতেই জানিয়েছিলেন, তারা প্রাথমিক তদন্তের মাধ্যমে জানতে পেরেছিলেন ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে ছোড়া হতে পারে।
তবে হামলার বিষয়টি প্রত্যাখ্যান করে রাশিয়া বলছিল, রাশিয়া পোল্যান্ডে হামলা করেনি। উত্তেজনা বৃদ্ধির লক্ষ্যে এমনটি বলা হচ্ছে।
তবে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার দায় সরাসরি রাশিয়ার ওপর চাপিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি বলেছিলেন, ‘আজ যা ঘটেছে, এ বিষয়ে আমরা আগেই সতর্ক করেছিলাম। আমরা এ নিয়ে বলেছি। সন্ত্রাসবাদ আর শুধু ইউক্রেনের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ইতোমধ্যে মলদোভায় ছড়িয়েছে। আর আজ রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হেনেছে, আমাদের বন্ধু রাষ্ট্রের মানুষ নিহত হয়েছেন। ইউক্রেনের মানুষের সমবেদনা নেবেন আপনারা।’