এপ্রিল ২৭, ২০২২, ০৭:৩৪ পিএম
বিশ্বের কেউ পরমাণু যুদ্ধের ধ্বংসলীলা দেখতে চায় না মন্তব্য করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, এই যুদ্ধে সকল পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার (২৬ এপ্রিল) জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে অবস্থানকালে এসব কথা বলেন তিনি।
ইউরোপীয় শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে পেন্টাগনপ্রধান লয়েড অস্টিন বলেন, পরমাণু যুদ্ধ নিয়ে অন্যদের দেওয়া হুঁশিয়ারি মোটেই সহযোগিতাপূর্ণ নয়, বরং তা বিপজ্জনক। এই ধরনের বক্তব্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই।
একদিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপে পরমাণু যুদ্ধের উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে। এই মারাত্মক বিপদকে ছোট করে দেখা উচিত হবে না। এ জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া, যার দুই মাস পূর্ণ হয়েছে তিন দিন আগে। এই সংঘাত এখনো বন্ধের কোনো লক্ষণ নেই, উল্টো আক্রমণের মাত্রা আরো বেড়েছে। পূর্ব- ইউরোপের এই যুদ্ধে পশ্চিমা জোট ন্যাটো জড়িয়ে পড়লে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে বলেও হুঁশিয়ার আসছে বিভিন্ন মহল থেকে।