বন্দুকধারীদের গুলিতে ব্রাজিলের দক্ষিণপূর্ব অঞ্চলে দুটি স্কুলে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১১ জন। স্থানীয় সময় শুক্রবার (২৫ নভেম্বর) দেশটির এস্পিরিটো সান্তোর আরাক্রুজ শহরে এই গুলির ঘটনা ঘটে। তবে বন্দুকধারীকে আটক করেছে দেশটির পুলিশ।
ঘটনাটি নিশ্চিত করে শহরটির মেয়র লুইস কার্লোস কৌতিনিয়ো স্থানীয় সংবাদমাধ্যম সিবিএন রেডিওকে বলেছেন, ‘শুক্রবার সকালে বন্দুকধারী এবং একদল সন্ত্রাসী স্কুলে হামলা চালিয়ে তিন শিক্ষক ও এক কিশোরীকে হত্যা করে। ’
এস্পিরিটো সান্তোর গভর্নর রেনাটো কাসাগ্রান্ডে এক টুইটার পোস্টে জানান, নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে পাকড়াও করেছে। তার বয়স ১৬ বছর, যে কি না আরাক্রুজের দুটি স্কুলে হামলা চালায়। অপূরণীয় ক্ষতি ও শোক প্রকাশে আমি তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছি। আমরা কারণ অনুসন্ধান চালিয়ে যাব এবং শীঘ্রই আমরা নতুন ব্যাখ্যা পাব।
ব্রাজিলের নব-নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এক টুইট বার্তায় ‘অযৌক্তিক ট্র্যাজেডি’ বলে মন্তব্য করেছেন।
ব্রাজিলে স্কুলে হামলা খুবই দুর্লভ একটি বিষয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোকে এ হার বেড়েছে। ২০১১ সালে ব্রাজিলে স্কুলে হামলায় ১২ জন শিশু প্রাণ হারায়। ওই সময়ে একজন ব্যক্তি রিও ডি জেনেরিওতে প্রাথমিক স্কুলে গুলি চালানোর পর নিজেও আত্মহত্যা করে মারা যায়।
সূত্র: এনডিটিভি।