ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩০, ২০২২, ০৭:২৪ পিএম

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু

শুরু হয়েছে ব্রাজিলের সবচেয়ে আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্ডের ভোট গ্রহণ। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামপন্থী সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনসিও লুলা দা সিলভা, ডানপন্থী বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো।

স্থানীয় সময় রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত ৷ সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ফলাফল পাওয়া যাবে আশা করা হচ্ছে। 

২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট পদে থাকা লুলা, গত ২ অক্টোবর প্রথম রাউন্ডে জিতেছিলেন। তবে লুলা ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোটে গড়ায় নির্বাচন।

দেশটির সুপিরিয়র ইলেক্টোরাল ট্রাইব্যুনালের দেয়া তথ্য অনুযায়ী, ৯৯ শতাংশের বেশি কেন্দ্রের ভোট গণনার পর লুলা পেয়েছেন ৪৮ দশমিক ৩ শতাংশ ভোট। আর বর্তমান ডানপন্থী প্রেসিডেন্ট জেইর বলসোনারো পেয়েছেন ৪৩ দশমিক ৩ শতাংশ।

প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে ছিলেন সাবেক জনপ্রিয় প্রেসিডেন্ট লুলা। প্রথম দফার ভোটেই তার জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। বর্তমানেও তাকেই এগিয়ে রাখছে শীর্ষস্থানীয় জরিপ প্রতিষ্ঠান ডাটাফোলাসহ আরও আনেকে।

এ দিকে, বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারো বারবার নির্বাচনি ব্যবস্থার উপর সন্দেহ প্রকাশ করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে তিনি হারলে ফলাফল মেনে নেবেন না।

সূত্র: এএফপি

Link copied!