জুন ৩, ২০২৩, ০৯:৩৫ এএম
ভারতের ওডিশায় দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে বাংলাদেশিও থাকতে পারে। চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি যাত্রী এই ট্রেনে কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করেন। এ কারণে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন দুর্ঘটনাবিষয়ক তথ্য জানতে বাংলাদেশিদের জন্য একটি হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ হোয়াটসঅ্যাপ) নম্বর দিয়েছে।
কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হটলাইনের কথা জানিয়েছে।
উপহাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ বাংলাদেশিরা চিকিৎসার জন্য ওই ট্রেনটিতে যাতায়াত করেন। তাই দুর্ঘটনার পর ভারতের রেল কর্তৃপক্ষ ও ওডিশা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।
শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে ওডিশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে।
এখন পর্যন্ত ২০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৯০০ জন।
ট্রেনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন। ভারতের রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কলকাতাগামী বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ওড়িশার বাহাঙ্গাবাজার এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছিল। চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পেরিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত ট্রেনের বগির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। করমন্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি ঘটনাস্থলে একটি মালবাহী ট্রেনের বগির ওপরও আছড়ে পড়ে।