ভারতে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুসহ ১২ জনের

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২১, ২০২২, ১০:২৯ এএম

ভারতে ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুসহ ১২ জনের

ভারতের বিহারে একটি ধর্মীয় শোভাযাত্রায় ট্রাকের ধাক্কায় শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। রবিবার রাতে রাজ্যটির উত্তর বিহার জেলার দেসরি থানা এলাকায় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে  দেসরি থানা এলাকায় রবিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।  ‘ভূমি বাবা’ নামে পরিচিত স্থানীয় এক ধর্মীয় নেতার আশ্রমে শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন পূর্ণার্থীরা। শোভাযাত্রাটি রাস্তার পাশে একটি ‘পিপল’গাছের সামনে জড়ো হয়। একপর্যায়ে দ্রুতগামী ট্রাক শোভাযাত্রাটির ওপরে উঠে পড়ে। এতে  হতাহতের ঘটনা ঘটে।

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ ছাড়া প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

Link copied!