‘স্বাধীন পররাষ্ট্রনীতি’তে মুগ্ধ হয়ে মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৮, ২০২২, ০২:২৭ পিএম

‘স্বাধীন পররাষ্ট্রনীতি’তে মুগ্ধ হয়ে মোদির প্রশংসায় পঞ্চমুখ পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলায় নরেন্দ্র মোদির বন্দনা। মোদিকে 'সত্যিকারের দেশপ্রেমিক' বলে অভিহিত করেছেন পুতিন। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং 'মেক ইন ইন্ডিয়া'র দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট। মস্কোতে বার্ষিক ভালদাই আলোচনায় বক্তৃতা রাখতে গিয়ে এই সব মন্তব্য করেন পুতিন।

গতকাল বৃহস্পতিবার মস্কোতে ভালদাই ইন্টারন্যাশনাল ডিসকাশন ক্লাবের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘মোদি তাঁর জনগণের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে গেছেন।’

পুতিন বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের কোনও অমিমাংসিত সমস্যা নেই। আমরা সবসময় একে অপরকে সমর্থন করেছি। এটা এখনও ঘটে চলেছে। এবং আমি আশাবাদী যে ভবিষ্যতেও এটি জারি থাকবে।’

এদিকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক প্রসঙ্গে বলতে গিয়ে পুতিন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি আমাকে সারের সরবরাহ বাড়াতে বলেছেন। ভারতীয় কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা। এই আবহে আমরা ৭.৬ গুণ সার সরবরাহ বৃদ্ধি করেছি।’

পুতিনের কথায়, ‘ভারত যেভাবে ব্রিটিশ কলোনি থেকে একটি স্বাধীন দেশ হয়ে উঠেছে, তা সবার দৃষ্টি আকর্ষণ করে এবং বিষয়টিকে সম্মান করা উচিত। বিগত কয়েক বছরে মোদির নেতৃত্বে ভারত অনেকটা এগিয়ে গিয়েছে। তাঁর নেক ইন ইন্ডিয়া প্রকল্পটি তাৎপর্য়পূর্ণ।’

Link copied!