রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের অন্যতম প্রধান বন্ধু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র ও অর্থ যোগান দিচ্ছে দেশটি। তারপরও এক দীর্ঘ যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। গোটা বিশ্বেই কমবেশি এর প্রভাব পড়ছে। এরই পরিপ্রেক্ষিতে যুদ্ধ বন্ধ করতে পুতিনের সঙ্গে আলোচনায় বসার জন্য জেলেনস্কিকে পরামর্শ দিচ্ছে বাইডেন প্রশাসন।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে গতকাল শনিবার এমনই এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন রাশিয়ার সঙ্গে সমঝোতার জন্য ইউক্রেনের নেতাদের খোলা মন নিয়ে থাকার জন্য গোপনে উৎসাহিত করছে। পুতিন ক্ষমতা থেকে সরে না যাওয়া পর্যন্ত কোনো শান্তি আলোচনায় বসা হবে না—বারবার প্রকাশ্যে এমন অবস্থান ব্যক্ত করা থেকে সরে এসে আলোচনার জন্য একটি উদার অবস্থান নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।
ইউক্রেনীয় নেতাদের সঙ্গে এ সম্পর্কিত আলাপ এবং শান্তি আলোচনায় উৎসাহিত করার বিষয়ে ওয়াকিবহাল কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, শান্তি আলোচনায় উৎসাহ দেওয়ার অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ‘সমঝোতার টেবিলে’ ঠেলে দিচ্ছে। বরং এই পদক্ষেপকে কিয়েভের প্রতি অন্যান্য দেশের সমর্থন নিশ্চিত করার একটি কৌশল হিসেবে দেখছে বাইডেন প্রশাসন।