ইউক্রেনের দক্ষিণের অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলে নতুন করে গোলাবর্ষণ শুরু করেছে রাশিয়া। প্রায় ২০০ জন বেসামরিক নাগরিক আজভস্টাল ইস্পাত কারখানায় আটকা পড়েছেন বলা জানা গেছে।
ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করছে বার্তা সংস্থা রয়টার্স।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কয়েক দিন ধরে টানা হামলার পর রুশ বাহিনী ইস্পাত কারখানার ভেতরে প্রবেশ করেছে বলে জানা গেছে। কারখানাটির ভেতরে এখনো অন্তত ২০০ জন নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক আটকা পড়ে আছেন। তবে কারখানায় রুশ হামলার বিষয়টি বিবিসি আলাদাভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
যদিও এর আগে জাতিসংঘ জানিয়েছিল, ১০১ জনকে কারখানা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেন বিষয়ে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ওসনাত লুবরানি বলেছেন, বয়স্ক পুরুষ, নারী ও শিশুসহ ১০১ জন বেসামরিক ব্যক্তিকে আজভস্টাল কারখানা থেকে সরিয়ে নিতে পেরে এবং মারিউপোলের উপকণ্ঠে শহর মানহুশে আরও ৫৮ জনকে তাদের সঙ্গে একত্রিত করতে পেরে তিনি ‘সন্তুষ্টি ও স্বস্তি পেয়েছেন’।
অবরুদ্ধ নাগরিকদের জীবন বাঁচাতে জাতিসংঘের সাহায্য চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে টেলিফোনে বলেছেন, ‘প্রতিটি জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাঁদের প্রাণ বাঁচানোর জন্য আমরা আপনার সাহায্য কামনা করছি।’