মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসকারী সেই স্নোডেনকে নাগরিকত্ব দিল রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২২, ০২:০২ পিএম

মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসকারী সেই স্নোডেনকে নাগরিকত্ব দিল রাশিয়া

সাবেক মার্কিন গোয়েন্দা সংস্থার কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেন রাশিয়ার নাগরিকত্ব পেয়েছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোপন নজরদারির তথ্য ফাঁসের ৯ বছর পর সোমবার স্নোডেন রুশ নাগরিকত্ব পেলেন।

রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হয়েছে এমন ৭২ জন বিদেশির নামের তালিকায় এডওয়ার্ড স্নোডেনের নাম আছে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।

এনএসএ’র কম্পিউটার গোয়েন্দাবৃত্তিসংক্রান্ত পরামর্শক হিসেবে চুক্তিভিত্তিক কাজ করতেন এডওয়ার্ড স্নোডেন। এনএসএ’র নজরদারিসংক্রান্ত একের পর এক গোপন নথি ফাঁস করে আলোচনায় আসেন তিনি। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার এড়াতে ২০১৩ সালে রাশিয়ায় আশ্রয় নেন স্নোডেন। ৯ বছর ধরে সেখানেই আছেন তিনি। গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি করতে কয়েক বছর ধরে রাশিয়ার কাছ থেকে স্নোডেনকে ফেরত চাইছে যুক্তরাষ্ট্র।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৭ সালে বলেছিলেন, 'স্নোডেন রাশিয়ায় থাকার সময় লো প্রোফাইলে থাকেন। মার্কিন গোপনীয়তা ফাঁস করা তার ভুল ছিল, কিন্তু তিনি বিশ্বাসঘাতক ছিলেন না।'

এর আগে ২০২০ সালে স্নোডেনকে রাশিয়ার স্থায়ী বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্য দিয়ে তাঁর জন্য রুশ নাগরিকত্ব অর্জনের দুয়ার খুলে যায়।

Link copied!