মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়ন বেড়েছে ১৩ শতাংশ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২২, ০৩:২২ পিএম

মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়ন বেড়েছে ১৩ শতাংশ

মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়ন ২০২১ অর্থবছরে ১৩ শতাংশ বেড়েছে। এটিকে রেকর্ড মাত্রা বলেছে মার্কিন প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবারে প্রকাশিত পেন্টাগনের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সেক্সুয়াল অ্যাসাল্ট প্রিভেনশন অ্যান্ড রেসপন্স অফিস (এসএপিআর) জানিয়েছে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৮ হাজার ৮৬৬টি যৌন নিপীড়নের ঘটনা রিপোর্ট করা হয়েছে।

২০২০ সালের একই সময় পর্যন্ত এই সংখ্যা ছিল ৭ হাজার ৮১৩টি। অর্থাৎ ২০২১ সালে যৌন নিপীড়নের ঘটনা বেড়েছে ১৩ শতাংশ।

কিন্তু যৌন নিপীড়নের এসব ঘটনার শুধুমাত্র একটি অংশ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগনের এই দপ্তর। সৈন্যদের মাঝে সমীক্ষা চালিয়ে এসএপিআর আনুমানিক যে হিসাব সামনে এনেছেন তাতে দেখা যাচ্ছে, প্রায় ৩৬ হাজার সক্রিয় কর্তব্যরত নারী এবং পুরুষ সেনা এই সময়ে অবাঞ্ছিত যৌন হয়রানির সম্মুখীন হয়েছেন।

হয়রানির শিকার এসব সৈন্যদের ৮.৪ শতাংশ নারী এবং ১.৫ শতাংশ পুরুষ। পেন্টাগন বলছে, যৌন নিপীড়ন হয়েছে কিনা সেটি পরিমাপ করতে ব্যবহৃত সিস্টেম বা পরিমাপের মান পরিবর্তনের কারণে এটি ‘সত্যিকার অর্থেই বেড়েছে কিনা তা বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করতে পারেনি’ তারা।

কিন্তু অন্যান্য তথ্যের দিকে তাকালে এটি বোঝা যাচ্ছে যে, ২০১৮ সাল থেকে মার্কিন সেনাবাহিনীর ভেতরে অস্বাস্থ্যকর সামরিক পরিবেশ বৃদ্ধি পেয়েছে।

এএফপি বলছে, মার্কিন সামরিক বাহিনীর ভেতরে সবচেয়ে বেশি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে সেনাবাহিনীতে। সেখানে এ ধরনের ঘটনা ঘটেছে ২৬ শতাংশ। এরপর নৌবাহিনীতে ১৯ শতাংশ, বিমান বাহিনীতে দুই শতাংশ এবং মেরিন বিভাগে ঘটেছে দুই শতাংশ।

Link copied!