নভেম্বর ২৪, ২০২২, ০৫:০৩ পিএম
২০০৮ সাল থেকে মালয়েশিয়ার সংসদের বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করা পাকাতান হারাপান জোটের চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম শপথ নিলেন দেশটির দশম প্রধানমন্ত্রী হিসেবে। দীর্ঘদিন জেলে কাটানো ও নানা রাজনৈতিক অনিশ্চয়তার পর অবশেষে ধরা দিয়েছে স্বপ্নের সাফল্য।
১৯৪৭ সালে মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় পেনাং রাজ্যের চিরোক তক্কুন গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন আনোয়ার ইব্রাহীম। তাঁর পিতা ইব্রাহীম আব্দুল রহমান হাসপাতালের কর্মচারী ছিলেন এবং পরবর্তীকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় সচিবের দায়িত্ব পালন করেন। তার মা চে ইয়েন হুসেন ছিলেন গৃহিণী।
শিক্ষাজীবন নিজ গ্রামে শুরু করেন আনোয়ার ইব্রাহীম। তিনি মালয় কলেজ কুয়ালা কানজার থেকে মাধ্যমিক পাশ করেন। ইউনিভার্সিটি অফ মালয় থেকে মালয় স্টাডিজ এ অনার্স এবং ১৯৭৪-৭৫ সালে জেলে থাকা অবস্থায় মাস্টার্স সমাপ্ত করেন।
আনোয়ার ইব্রাহীম ছাত্রজীবনে ১৯৬৮-১৯৭১ সাল পর্যন্ত ন্যাশনাল ইউনিয়ন অব মালয়েশিয়ান মুসলিম স্টুডেন্টস এর সভাপতি ছিলেন। একই সময়ে তিনি ইউনিভার্সিটি অব মালয়া মালয় ল্যাংগুয়েজ সোসাইটির সভাপতি ছিলেন।
১৯৭১ সালে মুসলিম ইয়ুথ মুভমেন্ট অব মালয়েশিয়া সংগঠিত হলে এর সহযোগী প্রতিষ্ঠাতা ও প্রো কমিটির সদস্য ছিলেন এবং একই বছর তিনি মালয়েশিয়ান ইয়ুথ কাউন্সিলের ২য় সভাপতি নির্বাচিত হন।
আনোয়ার ইব্রাহীম একজন ইসলামপন্থী নেতা (যিনি মুসলিম ইয়ুথ মুভমেন্ট অব মালয়েশিয়ার সহযোগী প্রতিষ্ঠাতা ও ২য় সভাপতি) হওয়ার পরেও ১৯৮২ সালে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের উদারপন্থী দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অরগনাইজেশন এ যোগ দেন এবং সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব লাভ করেন। তার রাজনৈতিক ক্যারিয়ার দ্রুত পরিবর্তন করতে থাকে। ১৯৮৩ সালে যুব ও ক্রীড়ামন্ত্রী, ১৯৮৪ সালে কৃষি মন্ত্রী এবং ১৯৮৬ সালে শিক্ষা মন্ত্রী হন। শিক্ষা মন্ত্রীর পদ তাঁর মালয়েশিয়ার ভবিষ্যৎ উপপ্রধানমন্ত্রী হওয়ার দ্বার খুলে দেয়।
শিক্ষা মন্ত্রী হওয়ার পর আনোয়ার 'ন্যাশনাল স্কুল কারিকুলাম' প্রণয়ন করেন। মালয়েশিয়ার জাতীয় ভাষার নাম 'বাহাসা মালয়েশিয়া' থেকে বাহাসা মেলায়ু এ পরিবর্তন করেন। ১৯৮৮ সালে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার দ্বিতীয় প্রেসিডেন্টের দায়িত্ব পান এবং ১৯৯৮ সাল পর্যন্ত তাতে অধিষ্ঠিত ছিলেন। ১৯৮৯ সালে ইউনেস্কো সাধারণ অধিবেশন এর ২৫তম সভাপতি নির্বাচিত হন।
আনোয়ার ইব্রাহীম ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন বা ইউএমএনও এর সদস্য থাকাকালীন সময়ে ১৯৯৩-১৯৯৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং ১৯৯১-১৯৯৮ সাল পর্যন্ত অর্থ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু পরে তিনি প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কর্তৃক বরখাস্ত এবং দুর্নীতি ও সমকামিতার দায়ে জেলহাজতে প্রেরিত হন।
প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ আনোয়ারকে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করলে, আনোয়ার ও তার সমর্থকরা 'সংস্কার আন্দোলন' শুরু করে। এ আন্দোলনের লক্ষ্য ছিল দীর্ঘদিন ক্ষমতায় থাকা বারিসন ন্যাশনাল সরকারের নীতি বহির্ভূত কর্মকাণ্ড বিলোপ করা।
১৯৯৮ সালে কুয়ালালামপুরে এ্যাপেক সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও অন্যান্য এ্যাপেক প্রতিনিধিদের সামনে আনোয়ার ও তাঁর সংস্কার আন্দোলনের সমর্থনে ভাষণ দেন।
সংস্কার আন্দোলনের নেতা কর্মীদের নিয়ে ১৯৯৯ সালে আনোয়ার ন্যাশনাল জাস্টিস পার্টি গঠন করেন। ২০০৮ সালের এপ্রিল মাসে পাকাতান রাকাত নামে জোট গঠন করেন। যা ২০০৮ সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে এবং ৩১টি আসন জয়লাভ করে বিরোধী দলে পরিণত হয়।
এরপর ২০১৮ সালের ৯ মে অনুষ্ঠিত নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন পাকাতান হারাপান জোট ২২২ আসনের পার্লামেন্টে ১১২ আসনে বিজয়ী হয়। এর মধ্যে আনোয়ারের পিকেআর পায় ৪৮ আসন।
নির্বাচনে আনোয়ারের জোট বিজয়ী পর মাহাথির মোহাম্মদ তাকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তির ঘোষণা দেন। মুক্তি পেয়েই আবারও রাজনীতির মাঠে সক্রিয় হন তিনি।
শুরুতে বিরাগভাজন হলেও পরে মাহাথিরের সঙ্গে চুক্তি করেই জেল থেকে ছাড়া পান আনোয়ার। তবে এরপর আবারও দুই জনের মধ্য দ্বন্দ্ব শুরু হয়। শেষ পর্যন্ত আবারও দুই জন দুইকে পা বাড়ান। এবারের নির্বাচনে মাহাথির নতুন দল নিয়ে নির্বাচন করে ভরাডুবির শিকার হয়েছেন। জামানত হারিয়েছে তার দলের সব প্রার্থীরা।
মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত নাম আনোয়ার ইব্রাহিম। এক সময় মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আনোয়ার ইব্রাহিম তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের সম্মুখীন হয়েছেন। অবশেষে ধরা দিয়েছে তার স্বপ্নের মসনদ।