মিখাইল গর্বাচেভ আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩১, ২০২২, ০৮:২৭ এএম

মিখাইল গর্বাচেভ আর নেই

সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা ও একমাত্র প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ৯১ বছর বয়সে মারা গেছেন। তিনি ১৯৮৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স, টিএএসএস ও আরআইএ নভোস্তি মস্কোর সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালের সূত্রে জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় গর্বাচেভ মারা গেছেন। মস্কোর নোভোদেভিচি সমাধিক্ষেত্রে তার স্ত্রী রাইসার পাশে তাকে সমাহিত করা হবে।

এক সময়ের কমিউনিস্ট নেতা গর্বাচেভের হাত দিয়েই রাশিয়ায় সমাজতন্ত্রের পতন হয়েছিল। আবার ওই পতনের মধ্য দিয়ে বিশ্বে স্নায়ুযুদ্ধের অবসান ঘটেছিল। তাই বিশ্বে এক পক্ষের কাছে তিনি নন্দিত স্নায়ুযুদ্ধের অবসান ঘটানোর জন্য, আরেক পক্ষের কাছে নিন্দিত রাশিয়ায় সমাজতন্ত্রের পতন ঘটানোর জন্য।

১৯৮৫ সালে রুশ কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতা ও রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া গর্বাচেভ পেরেস্ত্রোইকা ও গ্লাসনস্ত নামে উদারীকরণের যে দুই কর্মসূচি হাতে নিয়েছিলেন, তাই রাশিয়ায় সমাজতন্ত্রের পতন ত্বরান্বিত করেছিল বলে তার সমালোচকরা বলে থাকেন।

প্রবাদপ্রতীম কমিউনিস্ট নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের গড়া সোভিয়েত ইউনিয়ন ১৯৯১ সালে ভেঙে পড়লে আলাদা আলাদা ১৫টি জাতিরাষ্ট্র গড়ে ওঠে, তার মধ্যে বড়টি হল আজকের রাশিয়া।

Link copied!