মেক্সিকান উত্তরাঞ্চলীয় রাজ্যে ছয় পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে বন্দুকধারীরা। রাজ্যটিতে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো মাদক পাচারের রুট নিয়ে লড়াই করছে। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে।
জাকাটেকাস রাজ্য সরকার জানিয়েছে, ক্যালেরা দা ভিক্টর রোজালেসের একটি ক্রীড়া কেন্দ্রে প্রশিক্ষণের সময় পাঁচ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে পৌঁছার পর দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা গুলির শিকার হন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন।
জ্যাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল নিন্দা জানিয়ে এ ঘটনাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে উল্লেখ করেছেন। নিহতদের পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে জ্যাকাটেকাসে সহিংসতা বেড়েছে। এর জন্য যুক্তরাষ্ট্রের লাভজনক মাদক চোরাচালান রুটটি নিয়ন্ত্রণের জন্য সিনালোয়া ও জালিস্কো নিউ জেনারেশন গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘাতকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।