এপ্রিল ২৭, ২০২২, ০৬:০৯ পিএম
যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার রাশিয়ার সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান। গুতেরেস বলেন, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করা দরকার।
গুতেরেস বলেন, “আমরা শান্তিপূর্ণ সমাধানের পরিবেশ তৈরি করতে চাই।” গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এর দুই মাস পর গুতেরেস রাশিয়া সফরে যান। রুশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি আরো বলেন, “ইউক্রেনে যা ঘটছে তার হয়ত ভিন্ন ব্যাখ্যা আছে। তবে সেজন্য আন্তরিক সংলাপের পথ সীমাবদ্ধ করা উচিত হবে না। সাধারণ মানুষের ভোগান্তি দূর করার জন্য যুদ্ধের অবসান হওয়া উচিত।”