যুক্তরাজ্যে তাপপ্রবাহে গলছে রানওয়ে ফাটল রেললাইনে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২২, ০৩:৩৭ পিএম

যুক্তরাজ্যে তাপপ্রবাহে গলছে রানওয়ে ফাটল রেললাইনে

প্রচণ্ড গরমের কারণে ব্রিটেনের অবস্থা আরও অবনতি হয়েছে। এখন দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি বিরাজ করছে। স্থানীয় সময় গতকাল সোমবার দেশটির বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁয়ে ফেলেছে।

প্রচণ্ড তাপে বিমানবন্দরের রানওয়ে গলতে শুরু করেছে। রেললাইনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিচ্ছে। দমবন্ধ অবস্থা মাটির নীচের টিউব রেলে।

মঙ্গলবার প্রকাশিত ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, পুরো ব্রিটেন জুড়ে জরুরি অবস্থা জারি করার পর সরকারের পক্ষ থেকে বয়ষ্কদের বাড়ির ভিতরে থাকতে অনুরোধ করা হয়েছে।

বরিস জনসন প্রশাসন জানিয়েছে,যাঁরা নিতান্ত প্রয়োজনে রাস্তায় বার হবেন, সঙ্গে পানির বোতল রাখতে ভুলবেন না। সোমবার লন্ডনের তাপমাত্রা ভারত বা পাকিস্তানের বিভিন্ন শহরের থেকে অনেকটাই বেশি, এমনকি ইথিয়োপিয়ার থেকেও বেশি ছিল।

২০১৯-এর ২৫ জুলাই ব্রিটেনে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল কেমব্রিজে। ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াসের সেই রেকর্ড ভেঙ্গে লন্ডনের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে।

‌আবহাওয়া দফতর আগামী দু’দিনের জন্য লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড থেকে ইয়র্ক ও ম্যাঞ্চেস্টার পর্যন্ত ‘লাল সতর্কতা’ জারি করে জানিয়েছে, রাতেও তাপমাত্রা বিশেষ কমার সম্ভাবনা নেই। ট্রেন বা মেট্রো ব্যবহার না করে অন্য পরিবহণ পরিষেবা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন।

প্রখর রোদে দিনভর লন্ডন থেকে লিডস ও ইয়র্কের প্রায় সব ট্রেনই বাতিল হয়ে যায়। লন্ডন পরিবহণের প্রধান শাখা শহরের ভূগর্ভস্থ টিউব রেল লন্ডনবাসীকে এড়িয়ে চলতে বলা হয়েছে। একশো বছর বা তার থেকে বেশি প্রাচীন শহরের বেশ কিছু মেট্রো স্টেশন, এবং সবগুলি শীতাতপ নিয়ন্ত্রিতও নয়। ফলে এই নিদারুণ গরমে যাত্রী ও মেট্রো কর্মীদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

লুটন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রখর তাপে রানওয়ের বেশ কিছুটা অংশ গলে যাওয়ায় এই বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ করে দিতে হয়েছে। ব্রাইজ় নর্টনে বায়ুসেনার বিমানঘাঁটির রানওয়েও গলে গিয়েছে। ফলে রয়্যাল এয়ার ফোর্সের উড়ানেও বিঘ্ন ঘটেছে।

সরকারিভাবে তাড়াতাড়ি স্কুল ছুটি দেওয়ার কথা বলা না-হলেও বিবৃতি জারি করে জানানো হয়েছিল, পড়ুয়াদের যেন সমানে পানি খাওয়ানো হয় এবং ক্লাসরুমে পাখা চালিয়ে রাখা হয়। তবে বেলা বাড়তেই তাপমাত্রা চড়চড় করে বেড়ে যাচ্ছে দেখে সোমবার লন্ডনের অনেক স্কুল নিজেরাই আগেভাগে ছুটি ঘোষণা করে দেয়। কয়েকটি স্কুল জানিয়ে দিয়েছে, আগামী কাল (মঙ্গলবার) পঠনপাঠন হবে অনলাইনে। হিড়িক পড়ে গিয়েছে পাখা কেনার। বৈদ্যুতিক সরঞ্জামের অনেক দোকানেই অমিল এখন ‘আবশ্যিক’ এই যন্ত্রটি।

তবে এরই মধ্যে স্বস্তির খবর দিয়েছে ব্রিটিশ আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তবের এক পূর্বাভাসে জানানো হয়েছে, নিম্নচাপের ফলে বুধবার থেকে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণ ও পূর্ব ইংল্যান্ডে। এরপর তাপমাত্রা অনেকটাই কমে স্বস্তি মিলতে পারে। তবে কাল (মঙ্গলবার) তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে, আশঙ্কা আবহাওয়া দফতরের।

Link copied!