যুক্তরাজ্যে মারা গেলেন থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার বালকদের একজন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ১০:৫৫ পিএম

যুক্তরাজ্যে মারা গেলেন থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার বালকদের একজন

থাইল্যান্ডের একটি গুহা থেকে ২০১৮ সালে যে ১২ জন বালককে উদ্ধার করা হয়েছিল তাদের মধ্যে ডুয়ংপেত প্রমথেপ নামে একজন যুক্তরাজ্যে মারা গেছেন। ২০২২ সালের শেষের দিকে ১৭ বছর বয়সে তিনি যুক্তরাজ্যের লেস্টারশায়ারের ব্রুক হাউজ কলেজ ফুটবল একেডেমিতে ভর্তি হয়েছিলেন।

বর্তমানে ১৮ বছর বয়সী ওই তরুণের মৃত্যুর কারণ পরিষ্কার হয়নি। তবে মাথায় আঘাত পেয়েছিলেন বলে জানা গেছে। বিবিসি’র এক প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধরা হয়েছে।

 

প্রমথেপের মা ছেলের মৃত্যু সংবাদ চিয়াং রাইতে তাদের শহরের ওয়াট দোই ওয়াও মন্দিরকে জানিয়েছেন। প্রমথেপদের ফুটবল দলটি প্রায়ই এই মন্দিরে যেত। বুধবার মন্দিরটি ফেইসবুকে করা এক পোস্টে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। পাশাপাশি মন্দিরের ভিক্ষুদের সঙ্গে তাদের ফুটবল দলের একটি ছবিও দিয়েছে।

থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার পাওয়া বালকের যুক্তরাজ্যে মৃত্যু

প্রমথেপ স্থানীয় একটি ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন। কোচসহ ওই দলটি ২০১৮ সালে থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের একটি পাহাড়ি গুহায় দুই সপ্তাহ ধরে আটকা পড়েছিলেন।

 

২০১৮ সালের ২৩ জুন স্থানীয় ফুটবল দল মু প ‘র (বন্য শুকর) অংশ হয়ে প্রমথেপ থাম লুয়াং গুহায় ঘুরতে গিয়েছিলেন। ওইসময় কোচও তাদের সাথে ছিল।  গুহায় থাকার সময়  বাড়তে থাকা বন্যার পানিতে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। তারা দুই সপ্তাহ ধরে ওই গুহার ভেতরে আটকা পড়ে যান।  ওই সময় প্রমথেপের বয়স ছিল ১৩ বছর। দলের অন্য সদস্যদের বয়িস ছিল  ১১ থেকে ১৬ বছরের মধ্যে।

গুহায় দুই সপ্তাহ ধরে আটকে থাকার পর ওই বালকরা ও তাদের কোচ উদ্ধার পান। প্রায় ১০০ জন থাই ও বিদেশি ডুবুরি তাদের সন্ধান ও উদ্ধারের নাটকীয় অভিযানে অংশ নিয়েছিল। কেটামিন নামের ওষুধ প্রয়োগ করে তাদের উদ্ধার করে আনা হয়েছিল।  

থাম লুয়াং থাইল্যান্ডের চতুর্থ বৃহত্তম গুহা। ওই সময় প্রমথেপ ও তার দলেল উদ্ধারের কাহিনী বিশ্বজুড়ে সংবাদের শিরোনাম হয়েছিল। পরে এই ঘটনা নিয়ে অনেকগুলো বইও লেখা হয়।  বেশ কিছু চলচ্চিত্রও তৈরি হয় এই ঘটনা নিয়ে।

Link copied!