রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে আরও ২৭ কোটি ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার এই সামরিক সহায়তার বিলে (২৭০ মিলিয়ন ডলার) সই করেছেন বাইডেন।
নতুন করে অনুদান দেওয়া যুক্তরাষ্ট্রের এই অর্থ দিয়ে ৫৮০টি ফনিক্স গোস্ট ড্রোনসহ অন্যান্য যুদ্ধাস্ত্র কিনবে ইউক্রেন।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, রুশ বাহিনীর হামলা মোকাবিলায় কিয়েভকে অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন। এই বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। মার্কিন এই সামরিক বিশেষজ্ঞ বলেন, “বিমান দেওয়ার বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে আছে।বিস্তারিত আলোচনার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ ইউক্রেন এখনও সোভিয়েত যুগের বিমানে অভ্যস্ত। এমতাবস্থায় মার্কিন যুদ্ধবিমান দিলে তারা তালগোল পাকিয়ে ফেলতে পারে।”
হোয়াইট হাউজের তথ্যমতে, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৮ দশমিক ২ বিলিয়ন ডলার অনুদান দিয়েছে ইউক্রেনকে।