যুক্তরাষ্ট্র যাওয়ার পথে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২২, ০৯:২৭ এএম

যুক্তরাষ্ট্র যাওয়ার পথে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বাহামা উপকূলে নৌকা ডুবে মারা গেছেন হাইতির ১৭ জন শরণার্থী। এ ঘটনায় আরও ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিজ দেশে সহিংসতা এবং দারিদ্র থেকে মুক্তি পেতে এই ঝুঁকিপূর্ণ পথকে বেছে নেয় তারা। বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস সংবাদ সম্মেলনে বলেন, জীবিতদের মধ্যে ৪ জন নারী আছেন। তারা একটি স্পিড বোটে করে যুক্তরাষ্ট্রের মিয়ামির দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। বাহামা পুলিশ জানিয়েছে, নিউ প্রভিডেন্স দ্বীপ থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়।

পুলিশ কমিশনার ক্লেটন ফার্নান্ডার বলেন, এতে ৬০ জনেরও বেশি লোক ছিল এবং আরও বেশি লোক নিখোঁজ থাকতে পারেন। নৌকায় যারা ছিলেন তারা সবাই হাইতির শরণার্থী বলে ধারণা করা হচ্ছে। মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাহামা থেকে ইতোমধ্যে দুইজনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Link copied!