যুক্তরাষ্ট্রে একজন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগে এই ঘটনা ঘটে।
শুক্রবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসেছে, এলোপাতাড়ি ছোড়া গুলিতে পুলিশ কর্মকর্তাসহ আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগের মেয়র মেরি-অ্যান বাল্ডউইন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের অবশ্যই আমেরিকায় এই নির্বোধ সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতাকে মোকাবিলা করতে হবে।’
রয়টার্স বলছে, বৃহস্পতিবার বিকেল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে অথবা এর কাছাকাছি গোলাগুলির এই ঘটনা ঘটে। এর প্রায় তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে ‘একটি বাড়ির মধ্যে আটকাতে সক্ষম হয়’। তবে তাকে এখনও হেফাজতে নেওয়া হয়নি।