অক্টোবর ২৮, ২০২২, ০১:২৪ পিএম
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ব্রোকেন অ্যারো এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ব্রোকেন অ্যারো তুলসা শহরতলীর ওই বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে।
কীভাবে আগুন লেগেছে, কী ঘটেছে এবং কারা মারা গেছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি পুলিশ।
ওই বাড়িতে দুই প্রাপ্তবয়স্ক ও ৬ শিশুর একটি পরিবার থাকতো বলে প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, বলেছে নিউইয়র্ক টাইমস।
ব্রোকেন অ্যারো পুলিশের মুখপাত্র ইথান হাচিনস সাংবাদিকদের জানান, প্রাথমিক প্রতিবেদন হচ্ছে, এই ঘটনায় হত্যাকাণ্ডের তদন্ত হতে যাচ্ছে। আমরা এখনও আগুন পুরোপুরি নেভানোর দিকে বেশি মনোযোগী; নিহতদের কী হয়েছিল তাও তদন্ত করছি।