নভেম্বর ২১, ২০২২, ১০:১৬ এএম
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের স্প্রিংসে একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় রাতে স্প্রিংসের ‘ক্লাব কিউ’ নামে একটি সমকামী নাইটক্লাবে এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে অ্যান্ডারসন লি অলড্রিচকে (২২) শনাক্ত করেছে।
পুলিশ জানিয়েছে, অলড্রিচ একটি 'লং রাইফেল' দিয়ে গুলি চালিয়েছেন। গুলি চালানোর কিছুক্ষণ পরেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
কলোরাডো স্প্রিংসের ফায়ার ক্যাপ্টেন মাইক স্মাল্ডিনো বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ক্লাব কিউ জানিয়েছে, ‘আমাদের সম্প্রদায়ের ওপর এটি একটি অমানবিক হামলা।’ বিবৃতিতে ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাবটি।
হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকানদের ঘৃণা সহ্য করা উচিত নয়। 'যে জায়গাগুলোকে উদযাপনের নিরাপদ স্থান বলে মনে করা হয় সেগুলোকে কখনোই সন্ত্রাস ও সহিংসতার জায়গায় পরিণত করা উচিত না।'