যুদ্ধ পরিকল্পনার কিছুটা জানালো রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২২, ১০:৩৮ এএম

যুদ্ধ পরিকল্পনার কিছুটা জানালো রাশিয়া

যুদ্ধের নতুন লক্ষ্য জানিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, ইউক্রেনের পুরো দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় দনবাস এলাকার পুরোপুরি দখল নেবে রুশ বাহিনী। বার্তা সংস্থা সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এসব এলাকা দখলে নিয়ে ক্রিমিয়ার সঙ্গে যুক্ত করা হবে। ইউক্রেনের অংশ থাকা ক্রিমিয়াকে ২০১৪ সালে দখলে নেয় রাশিয়া।

রুশ এ পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। রোববার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর ওডেসায় নতুন করে ক্ষেপনাস্ত্র হামলা চালায় রুশ সৈন্যরা। এ হামলায় অন্তত ৮ জন ইউক্রেনের বাসিন্দা নিহত হয়েছেন।

পূর্বাঞ্চলীয় দনবাসসহ আশপাশের কয়েকটি এলাকায় তুমুল যুদ্ধ হচ্ছে বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচাক জানিয়েছেন, মারিউপুল থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে বের হওয়ার যে রাস্তাটি ছিলো তা আটকে দিয়েছে রুশ সৈন্যরা। এর পরিবর্তে বেসামরিক নাগরিকদের রুশ নিয়ন্ত্রিত সুরক্ষিত এলাকায় নেওয়ার চেষ্টা হতে পারে বলে  সতর্ক করেছেন ইরিনা। চলমান অস্থিরতার মধ্যে ইউক্রেন সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিনকেন এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। আজ এই দুই শীর্ষ মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করার কথা জেলেনস্কির।     

Link copied!