রাজীব গান্ধীর ছয় ঘাতককে মুক্তির নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২২, ০৪:৩০ পিএম

রাজীব গান্ধীর ছয় ঘাতককে মুক্তির নির্দেশ

৩০ বছরের বেশি জেলে থাকার পর মুক্তি পেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী নলিনী শ্রীহরণসহ ছয় অভিযুক্ত। আজ শুক্রবার তাদের সাজা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

আদেশে ভারতের সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর সরকার এর আগে রাজ্যপালের কাছে তাদের মুক্তির সুপারিশ করেছিল বলে জানিয়েছে। এর আগে, গত মে মাসে এই হত্যা মামলায় দোষী সাব্যস্ত আরেক আসামি এ জি পেরারিভালানকে মুক্তি দেয় দেশটির সুপ্রিম কোর্ট।

মুক্তিপ্রাপ্ত ছয় আসামি— নলিনী শ্রীহরন, রবিচন্দ্রন, সান্থান, মুরুগান, এ জি পেরারিভালান ও রবার্ট পায়াস

১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে কংগ্রেস প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাজীব গান্ধী।

সেখানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গি সংগঠন লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই)। ধানু নামে এলটিটিইর এক নারী সদস্য আত্মঘাতী জঙ্গি নিজেকে বোমার সঙ্গে উড়িয়ে দিয়েছিলেন। তাতেই মৃত্যু হয় ভারতের সাবেক এই প্রধানমন্ত্রীর।

১৯৯৯ সালের মে মাসে দেশটির সর্বোচ্চ আদালত হত্যাকাণ্ডে অভিযুক্ত পেরারিভালান, মুরুগান, সান্থান এবং শ্রীহরনের মৃত্যুদণ্ড বহাল রাখে। ২০১৪ সালে প্রাণভিক্ষার আবেদনের সিদ্ধান্ত নিতে বিলম্ব করায় সান্থান এবং মুরুগানের পাশাপাশি পেরারিভালানের মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করে ভারতের সুপ্রিম কোর্ট।

আর ২০০১ সালে কিশোরী মেয়ের লালন-পালনের কথা বিবেচনা করে অপর অভিযুক্ত শ্রীহরনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন করে দেশটির শীর্ষ এই আদালত।

২০০৬ সালে শ্রীলঙ্কার তামিল টাইগাররা রাজীব গান্ধীকে হত্যার ঘটনায় দুঃখপ্রকাশ করে।

Link copied!