জুলাই ৮, ২০২২, ০৬:২৬ পিএম
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের দেশগুলো যুদ্ধ করতে চাইলে মস্কো তাদের স্বাগতম জানাবে বলে সতর্ক করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাশিয়ার পার্লামেন্টের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি পশ্চিমা দেশগুলোর নেতাদের এই সতর্কবার্তা দেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট পশ্চিমা বিশ্বের বিশেষ করে যেসব দেশ ইউক্রেন ইস্যুতে সরব রয়েছেন, সেসব দেশের নেতাদের সতর্ক করে দিয়ে বলেছেন, “পশ্চিমারা যদি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে চায় তাহলে তাদেরকে স্বাগতম। কিন্তু এই যুদ্ধ ইউক্রেনের জন্য করুণ পরিণতি বয়ে আনবে।”
রুশ প্রেসিডেন্ট এমন সময় এই বার্তা দিলেন যখন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে শুক্রবার জি-২০ সম্মেলনে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিচ্ছেন তাঁর পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সেনাবাহিনীর সামরিক অভিযান শুরুর পর এই প্রথম কোনো আন্তর্জাতিক অঙ্গনে মুখোমুখি বৈঠক করছে সের্গেই ল্যাভরেভ।
বৃহস্পতিবার পার্লামেন্ট নেতাদের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, “আমরা বহুবার শুনেছি যে, পশ্চিমারা আমাদের সঙ্গে শেষ ইউক্রেনীয় যুদ্ধ করতে চায় যা ইউক্রেনের জনগণের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক। তারপরও আমরা দেখতে পাচ্ছি সবকিছু সেদিকেই যাচ্ছে।”
পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ঠেকাতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে ওই বৈঠকে রুশ প্রেসিডেন্ট আরও বলেন, “তাদের নিষেধাজ্ঞা মস্কোকে তেমন জটিলতায় ফেলতে পারেনি। রাশিয়া শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেনি। তবে সংঘাত যতো বাড়বে চুক্তিতে পৌঁছানো তত কঠিন হবে।”