বুধবার পদত্যাগ করবেন শ্রীলংকার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২২, ১০:৫৮ পিএম

বুধবার পদত্যাগ করবেন শ্রীলংকার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে

অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দেশটির স্পিকার মাহিন্দ্রা ইপার কাছে এ তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট নিজেই। শ্রীলংকার বার্তা সংস্থা দ্য ডেইলি মিরর এ তথ্য দিয়েছে। 

ওদিকে, শ্রীলংকার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের বাসভবনে হামলার পর এবার দেশটির প্রধানমন্ত্রী বিক্রমা সিংহের বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। রাজধানী কলম্বোয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দিয়ে সেখানে প্রতিবাদ অব্যাহত রেখেছেন তারা। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, নিজ অফিসে জরুরী বৈঠকের পর থেকেই শ্রীলংকার প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে আত্মগোপনে গেছেন। 

শনিবার ( ৯ জুলাই) বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির বাসভবনে আগুন লাগানোর পরপরই নিজ অফিসে জরুরী বৈঠক ডাকেন বিক্রমাসিংহে। সেখানে সংকট সমাধানে বিক্রমাসিংহকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের আহবান জানানো হয়। বিক্রমাসিংহে সে আহবান সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে সম্মত হন। এরপরই তিনি অজ্ঞাত স্থানে চলে যান।

সিএনএন বিক্রমাসিংহের এক টুইট বার্তা তুলে ধরে জানিয়েছে, চলমান রাজনৈতিক সংকট সমাধানে সর্বদলীয় সরকার গঠন করতেই পদত্যাগে রাজি হয়েছেন বিক্রমাসিংহে।

অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলংকার জনগণ কয়েক মাস ধরেই দেশটির বর্তমান প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে। তীব্র আন্দোলনের মুখে এর আগে পদত্যাগ করেন রাষ্ট্রপতির ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে। তবে জনগণের কষ্ট দূর করতে না পারায় আন্দোলন চলতে থাকে।  

Link copied!