জুন ৪, ২০২২, ০৮:২২ পিএম
ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে আবারও নিজেদের অবস্থান শক্ত করার দাবি করেছে ইউক্রেন। গত কয়েক সপ্তাহ ধরে সেভেরডনেস্ক শহরে ইউক্রেন বাহিনীর উপর হামলা জোরদার করেছে রুশ সৈন্যরা। শনিবার ইউক্রেন বাহিনী ওই শহরের বেশ কিছু অংশ পুনঃদখলের দাবি করেছে। তবে রাশিয়া দাবি করেছে, যে অঞ্চলগুলো ইউক্রেনের সৈন্যরা পুনঃদখলের দাবি করেছে, সেখানে রুশ সৈন্যরা হামলা জোরদার করেছে। এর আগে ইউক্রেন স্বীকার করে, রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের প্রায় ৭০ শতাংশ এলাকার দখল নিয়ে নিয়েছে। পূর্বাঞ্চলীয় দোনবাস দখলে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। বিবিসি জানিয়েছে, সর্বশেষ তথ্যানুযায়ী ইউক্রেনের মোট এলাকার ৫ ভাগের ১ ভাগ এখন রুশ বাহিনীর দখলে। রুশ বাহিনীকে প্রতিরোধে নিজেদের সৈন্যদের সাহসিকতার প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাতে এক ভাষণে তিনি বলেছেন, ইউক্রেনে রুশ বাহিনীর এ হামলা যুদ্ধাপরাধ ছাড়া আর কিছুই নয়।