মাত্রাতিরিক্ত গরমের কারণে যুক্তরাজ্যে রেড অ্যালার্ট জারির পর এবার জাতীয় জরুরি অবস্থা জারি করেছে সরকার। জরুরি অবস্থা জারির কারণ হিসেবে বলা হচ্ছে দেশটির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
যুক্তরাজ্য আবহাওয়া অফিসের বরাত দিয়ে বিবিসি, রয়টার্সসহ একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়,আগামী সোমবার এবং মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার এবং ইয়র্ক শহরের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে। এর ফলে এখানকার মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে।

প্রচণ্ড গরম থেকে বাঁচতে পরিবর্তন অনা হয়েছে দৈনন্দিন কাজে।এরই মধ্যে অতিরিক্ত গরমের কারণে দেশটিতে রেল চলাচলের গতি কমানো হয়েছে। কিছু কিছু স্কুলে স্বাভাবিক সময়ের চেয়ে আগে ছুটি দেওয়া হচ্ছে। এছাড়া কিছু হাসপাতাল রোগী দেখার সিরিয়ালও বাতিল করে দেওয়া হয়েছে।
আবহাওয়ার অফিসের সতর্কবার্তার পর যুক্তরাজ্যের স্বাস্থ্যবিষয়ক নিরাপত্তা সংস্থাগুলো তাপপ্রবাহের চতুর্থ ধাপে সতর্কতা জারি করেছে। গরমে মানুষ অসুস্থ হওয়ার পাশাপাশি মৃত্যুও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২১ সালে চরম তাপ সতর্কতা ব্যবস্থা চালুর পর প্রথম বারের মতো যুক্তরাজ্যের কিছু অংশে উত্তাপজনিত রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
এদিকে, জরুরি অবস্থা জারির আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল শুক্রবার বৈঠক করেছেন। বৈঠকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয় আলোচনা করতে চলতি সপ্তাহে আবারও বৈঠক করবেন বলে জানা গেছে।