মে ৬, ২০২৩, ০৯:৫৯ এএম
জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্য দিয়ে প্রয়াত দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসাবে ৪০তম রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ সিংহাসনে আরোহণ করছেন তিনি।
শুধু তাই নয়, অভিষেকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাহামাস, বেলিজ, গ্রেনাডা, জ্যামাইকা, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, টুভালো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাদাইনসের রাজারও দায়িত্ব নিচ্ছেন তৃতীয় চার্লস।
অভিষেক অনুষ্ঠানের আগে গতকাল শুক্রবার অনুষ্ঠানের রিহার্সেলের জন্য ওয়েস্টমিনস্টার অ্যাবেতে উপস্থিত হয়েছিলেন রাজা তৃতীয় চার্লস, কুইন কনসর্ট ক্যামিলা এবং প্রিন্স উইলিয়াম। ৭০ বছরের মধ্যে প্রথম এ অভিষেক সরাসরি দেখতে সেন্ট্রাল লন্ডনের মল, হোয়াইট হল এবং পার্লামেন্ট স্কোয়ার ঘিরে হাজার হাজার জনতা এবং রাজপরিবারের ভক্ত-শুভাকাঙ্ক্ষী ভিড় করছেন।
বিবিসি ও রয়টার্সের তথ্য অনুযায়ি, স্থানীয় সময় সকাল ১১টায় অভিষেকের আনুষ্ঠানিকতা শুরুর আগে রাজাকে বহনকারী গাড়িবহর বাকিংহাম প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে অভিমুখে যাত্রা শুরু করবে। অভিষেক অনুষ্ঠানের পরপরই ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে প্রাসাদ অভিমুখে অভিষেক মিছিলের আয়োজন করা হবে। বিকেলে রাজা বাকিংহাম প্রাসাদের ব্যালকনি থেকে জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন।
জানা গেছে, অনেকটা ছোট পরিসরেই তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান করা হচ্ছে।েএবার মাত্র ২ হাজার বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানও মাত্র এক ঘন্টায় শেষ হবে। অথচ ১৯৫৩ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক অনুষ্ঠানে বিদেশি অতিথি ছিলেন ৮ হাজার। আর অনুষ্ঠান চলছিল ৩ ঘণ্টারও বেশি সময় ধরে।
রানি দ্বিতীয় এলিজাবেথ গত বছরের সেপ্টেম্বরে মারা যাওয়ার পর চার্লস রাজার দায়িত্ব গ্রহণ করেন। ব্রিটিশ রাজা কমনওয়েলথেরও প্রধান। ৫৬টি স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনসংখ্যা প্রায় ২৫০ কোটি।
কী হবে অভিষেক অনুষ্ঠানে : ওয়েস্টমিনস্টার অ্যাবেতে হবে অভিষেক অনুষ্ঠান। এতে রাজা ও কুইন কনসর্টকেও মুকুট পরানো হবে। এই অভিষেক অনুষ্ঠানটি পরিচালনা করবেন অ্যাংলিকান খ্রিষ্টানদের একটি ধর্মীয় সভা, যেটি আর্চবিশপ অব ক্যান্টারবারি পরিচালনা করেন। অনুষ্ঠানে রাজার মাথায় ও হাতে ‘পবিত্র তেল’ লেপন করা হবে এবং রাজকীয় প্রতীক হিসাবে তৃতীয় চার্লস রাজদণ্ড ও রাজগোলক গ্রহণ করবেন। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে আর্চবিশপ রাজা তৃতীয় চার্লসের মাথায় ১৬৬১ সালে তৈরি করা সেন্ট এডওয়ার্ডের স্বর্ণের মুকুট পরিয়ে দেবেন।
রাজা তৃতীয় চার্লস কোন রাজমুকুট ব্যবহার করবেন?
রাজার আনুষ্ঠানিকভাবে সিংসহানে আরোহন অনুষ্ঠানে বেশ কয়েকটি উপকরণ থাকে। যেমন রাজমুকুট, রাজ গোলক, রাজদণ্ড, আংটি ও অন্যান্য পবিত্র ও প্রতিকী অলংকারে রাজাকে ভূষিত করা হয়। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ উপকরণটি হচ্ছে সেইন্ট এডওয়ার্ডের রাজমুকুট। এটা অভিষেকের কেন্দ্রীয় ভূমিকায় থাকে, কারণ অভিষেকের মুহূর্তে এই রাজমুকুটটি পরিয়ে দেওয়া হয়।
১৬৬১ সালে রাজা দ্বিতীয় চার্লসের অভিষেক উপলক্ষে এ মুকুটটি গড়া হয়। ধারণা করা হয়, ১১ শতকের ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড দ্য কনফেসরের শাসনামলে বানানো হয়েছিল এ মুকুট, যা ১৬৪৯ সালে গলিয়ে ফেলা হয়েছিল।
অভিষেকে যারা থাকছেন:
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশসহ অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকছেন। বিশ্বের ১০০ দেশের রাষ্ট্রপ্রধানসহ ২০৩ টি দেশের প্রতিনিধি এ অভিষেকে যোগ দিলেও রাজ পরিবারেরই অনেক সদস্য এ অনুষ্ঠানে থাকছেন না।
রাজা চার্লসের অভিষেকে থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। এছাড়া, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, তার স্ত্রী অক্ষতা মূর্তিসহ মন্ত্রিসভার সদস্যরাও তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অন্যান্য রাজপরিবারগুলোর মধ্যে জাপানের সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকো, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিসিয়া, যুবরাজ ফ্রেদেরিক এবং ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস মেরিসহ বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা যোগ দেবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
অভিষেক অনুষ্ঠানে যারা থাকছেন না
রাজা তৃতীয় চার্লসের অভিষেকে উপস্থিত থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অনুষ্ঠানে তার প্রতিনিধিত্ব করবেন স্ত্রী জিল বাইডেন। অভিষেক অনুষ্ঠানে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল উপস্থিত থাকছেন না। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সন্তানদের নিয়ে থাকবেন। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে ২৪ ঘণ্টার জন্য ব্রিটেন সফরে আসছেন প্রিন্স হ্যারি। এর জন্য অবশ্য বেশ কয়েকবার আলোচনার পর প্রিন্স হ্যারিকে আনতে সক্ষম হয়েছে রাজ পরিবার।