জুলাই ২২, ২০২২, ০২:৩০ পিএম
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দিনেশ গুনাবর্ধনে। শুক্রবার শপথগ্রহণ করেন তিনি। ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরই দিনেশ গুনাবর্ধনেকে নিয়োগ দেওয়া হলো।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট অফিসের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পরপরই শপথ নেন দিনেশ গুনাবর্ধনে। শপথ গ্রহণের সময় রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে, আইন প্রণেতা ও সামরিকবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার বাকি সদস্যরা শুক্রবারের পরে শপথ নেবেন বলে জানা গেছে।
নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ-আন্দোলনের মুখে গত ১২ জুলাই রাতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন লঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রথমে মালদ্বীপ, এরপর সিঙ্গাপুরে আশ্রয় নেন তিনি। এরপর সেখান থেকেই পদত্যাগের ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুলাই শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে। গত ২০ জুলাই অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এতে জয়ী হন রনিল বিক্রমাসিংহে।