শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের প্রতি শোকার্তদের শ্রদ্ধা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২২, ১০:৪৭ এএম

শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের প্রতি শোকার্তদের শ্রদ্ধা

রাশিয়ার রাজধানী মস্কোয় সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ। গতকাল শনিবার বিশেষ আনুষ্ঠানিকতা ছাড়াই মস্কোর ঐতিহাসিক ‘হল অব কলামসে’ গর্বাচেভকে সারিবদ্ধভাবে মানুষ শ্রদ্ধা জানান।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে জানা যায়, শনিবার মস্কোর ঐতিহাসিক হল অব কলামসে রাখা হয় সোভিয়েত ইউনিয়নের সবশেষ নেতা মিখাইল গর্বাচেভের মরদেহ। শেষ বিদায় জানাতে শ্রদ্ধা অনুষ্ঠানে জড়ো হাজারো মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাধারণ মানুষকে। তবে উপস্থিত হননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, দুর্ভাগ্যবশত প্রেসিডেন্টের কাজের সূচির কারণে শেষকৃত্যে যোগ দিতে পারেননি। যদিও গেল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতাল সফর ও পুষ্পস্তবক অর্পণ করে গর্বাচেভের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পুতিন।

মঙ্গলবার (৩০) ৯১ বছর বয়সী এই অন্যতম বিশ্বনেতার মৃত্যু হয়।

মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সালে ক্ষমতায় আসেন এবং সোভিয়েত ইউনিয়নে সংস্কারের ডাক দেন যার মাধ্যমে বিশাল এই ভূ-খন্ডকে বিশ্ববাসীর কাছে খুলে দেওয়া হয়। কিন্তু ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে পারেননি তিনি যা অনেক রাশিয়ানের চোখে তাকে পরবর্তী টালমাটাল পরিস্থিতির জন্য দোষী হিসেবে দাঁড় করিয়েছে।

তবে রাশিয়ার বাইরে তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব। জাতিসংঘ মহাসচিবের ভাষায় তিনি ছিলেন ‘ইতিহাসের ধারা পরিবর্তনকারী ব্যক্তি’, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথায় ‘তিনি ছিলেন একজন বিরল নেতা’।

Link copied!