শাহবাজ প্রধানমন্ত্রী হলে মন্ত্রীসভা হবে ২৮ সদস্যের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২২, ০২:৫৬ পিএম

শাহবাজ প্রধানমন্ত্রী হলে মন্ত্রীসভা হবে ২৮ সদস্যের

ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রীর হওয়ার পথে রয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএনএল) পার্টির প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। তাঁর মন্ত্রীসভায় কারা থাকছেন সে বিষয়ে কিছুটা ধারণা দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের জিও টিভি।

আজ পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী নির্বাচনের কথা রয়েছে। অনাস্থা ভোটের দিন উপস্থিত না থাকলেও নতুন প্রধানমন্ত্রী নির্বাচন দেখতে পার্লামেন্টে হাজির হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান।

তেহরিক-ই-ইনসাফ পার্টির নেতা ইমরান খান।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতারা। আজ সোমবার বিকেলে পাকিস্তানের সংসদ ভবনে পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সভাপতিত্বে দলের সংসদীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

জিও নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, শেহবাজ শরিফের নতুন মন্ত্রীসভায় নিজ দল পিএমএল-এন থেকে থাকতে পারেন ১২ জন। এছাড়া পাকিস্তান পিপলস পার্টি থেকে ৭ জন, জামায়াতুল উলামা ফ্রন্ট থেকে ৪ জন, মুত্তাহিদা কওমী মুভমেন্ট-এমকিউএম থেকে ২ জন এবং আওয়ামী ন্যাশনাল পার্টি-এএনপি, জাওহুরী ওয়াতান পার্টি এবং বেলুচিস্তান আওয়ামী পার্টি থেকে ১ জন করে মন্ত্রীসভায় থাকবেন।  

পিএমএলএন নেতা খাজা আসিফ, সাদ রফিক, খুররাম দস্তগির, আহসান ইকবাল, মারিয়াম আওরঙ্গজেব, সেইস্তা পারভেজ মালিক, রানা সানাউল্লাহ, মোর্তজা জাবেদ মন্ত্রীসভায় জায়গা পেতে পারেন। সিনেটের নেতা হিসেবে আজম নাজিরের নাম বিবেচনায় রয়েছে।

দলীয় নেতাদের সঙ্গে পিপিপি-র চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো।

পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো হতে পারেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী। জামায়াতুল উলামা ফ্রন্ট দাবি করেছে বেলুচিস্তান বা খাইবার পাখতুনখাওয়ার গর্ভনর করতে হবে তাদের পার্টি থেকে। পিপিপি থেকে পাঞ্জাবের এবং এমকিউএম-পি থেকে সিন্ধু প্রদেশের গভর্নর ঠিক করার বিষয়ে আলোচনা চলছে।

পাকিস্তানের পার্লামেন্টে শনিবার অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান।  

Link copied!