শ্রীলংকায় ৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট: স্পিকার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৫, ২০২২, ০১:১৩ পিএম

শ্রীলংকায় ৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট: স্পিকার

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। আগামী ৭ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

অবেবর্ধনে শুক্রবার জানিয়েছেন, ২২৫ জন পার্লামেন্ট সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোটেরভিত্তিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। রাজনৈতিক সূত্রের খবর, পলাতক গোতাবায়া রাজপাকসের ছেড়ে যাওয়া প্রেসিডেন্টের পদ দখলের লড়াইয়ে রয়েছেন মূলত তিনজন। তারা হলেন প্রধানমন্ত্রী তথা কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, পার্লামেন্টের বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা ও প্রবীণ সাংবাদিক তথা পার্লামেন্ট সদস্য ডলাস অলহাপেরুমনা।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সব দলের নেতা, রাষ্ট্রীয় কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতার অনুরোধ জানান তিনি।ৎ

তিনি শ্রীলংকার নাগরিকদের কাছে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির আহ্বান জানান যাতে পার্লামেন্টের সকল সদস্য স্বাধীনভাবে পার্লামেন্টে উপস্থিত হতে এবং কাজ করতে পারে।

জনরোষ এড়াতে বুধবার ভোরে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও এরই মধ্যে বিক্ষোভকারীদের নিশানা হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে গোতাবায়া ও তার ভাই পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বাধীন এসএলপিপির কতজন পার্লামেন্ট সদস্য রনিলকে ভোট দেবেন তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ ক্ষেত্রে বিকল্প হিসেবে উঠে আসছে এসএলপিপির পার্লামেন্ট সদস্য অলহাপেরুমনার নাম।

Link copied!