সংগৃহীত ছবি
অবিরাম বৃষ্টির কারণে সড়ক প্লাবিত হয়ে ভারতের পর্যটন প্রদেশ সিকিমে দুই হাজারেরও বেশি স্থানীয় ও বিদেশি পর্যটক আটকা পড়েছেন।
বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে জানা যায়, সিকিমের মাঙ্গা শহর থেকে চুংতাংয়ের রাস্তাটি বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
রাজ্যের কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার থেকে অবিরাম বৃষ্টির কারণে সড়ক প্লাবিত হওয়ায় পর্যটকরা আটকা পড়েছেন। সিকিমের বিভিন্ন অঞ্চলে ৩৪৫টি চার চাকার যানবাহন ও ১১টি দুই চাকার যানবাহন আটকার পড়েছে। বৃষ্টি থামলেই রাস্তা পরিষ্কারের কাজ শুরু হবে।
কর্মকর্তারা বলেন, অবিরাম ভারী বর্ষণে লাচেন ও লাচুং এলাকার হোটেলগুলোতে ১ হাজার ৯৭৫ জন স্থানীয় ও ৩৬ জন বিদেশি পর্যটক আটকা পড়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ১০ জন যুক্তরাষ্ট্রের ও তিনজন সিঙ্গাপুরের নাগরিক।
গেল বৃহস্পতিবার থেকে উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে নিকটবর্তী নদীগুলো উপচে পড়ে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে এবং পেগং মহাসড়ক পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। মহাসড়কটিকে যান চলাচল স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তাঁরা।
কর্মকর্তারা আরও বলেছেন, গ্যাংটক-নাথুলা রোডের ১৩ মাইল পানিতে ডুবে গেছে। এ ছাড়া রাইলা খোলাতে ভূমিধস হয়ে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে।
আকস্মিক বন্যার কারণে রাজ্য সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমগো লেক, বাবা মন্দির নাথুলা এবং উত্তর সিকিমের পর্যটন অনুমতি বাতিল করেছে।