সেভেরোদোনেৎস্কে ঢুকে পড়েছে রুশ বাহিনী, চলছে তুমুল লড়াই

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩১, ২০২২, ০৮:৫৬ এএম

সেভেরোদোনেৎস্কে  ঢুকে পড়েছে রুশ বাহিনী, চলছে তুমুল লড়াই

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক প্রদেশের সেভেরোদোনেৎস্ক শহরের উপকণ্ঠে ঢুকে পড়েছে রাশিয়ান সেনারা। সেখানে  দুই পক্ষের তীব্র লড়াই চলছে বলে জানিয়েছেন লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই।

সোমবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সেনারা সেভেরোদোনেৎস্ক শহরের দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্ব প্রান্তে অগ্রসর হয়েছে। প্রদেশিক গভর্নর বলেন, রুশ সেনারা একই কৌশল বারবার ব্যবহার করে। তারা কয়েক ঘণ্টা ধরে একটানা গোলাগুলি চালায় এবং তার পর হামলা করে।

সেভেরোদোনেৎস্কের গভর্নর সেরহি গাইডাই আরও বলেন, “যারা হামলা চালায়, তারা নিহত হয়। তার পর যতক্ষণ না তারা কোথাও প্রবেশ করে, ততক্ষণ গোলাগুলি ও আক্রমণ আবার চলতে থাকে।”

শহরের উপকণ্ঠে 'মৃত্যুর ভয়ানক গন্ধ' ছড়িয়ে পড়ছে বলেও উল্লেখ করেন সেরহি গাইদাই।

প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।

তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Link copied!