৭ম পারমানবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি উত্তর কোরিয়ায়

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২২, ০৮:৪০ পিএম

৭ম পারমানবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি উত্তর কোরিয়ায়

যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে কোন ধরনের সামরিক সংঘাতে জড়াতে উত্তর কোরিয়া এখন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

বিজয় দিবসের উৎসবে ‍উন এ ঘোষণা দেন। যুদ্ধবিরতির মধ্য দিয়ে ১৯৫০-৫৩ পর্যন্ত চলা দুই কোরিয়ার মধ্যকার যুদ্ধ শেষ হওয়ার দিনটিকে উত্তর কোরিয়ায় বিজয় দিবস হিসেবে পালন করা হয়। দক্ষিণ কোরিয়াকে সমর্থন করা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই যুদ্ধবিরতিকে নিজেদের জয় মনে করে পিয়ংইয়ং। বিজয় দিবসের অনুষ্ঠানে উন বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, প্রতিবেশী দক্ষিণ কোরিয়াও যদি কোন ধরনের উষ্কানী ভবিষ্যতে দেয় তবে তার কঠোর জবাব দেওয়া হবে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল বলেন, উত্তর কোরিয়া পারমানবিক হামলার কোন ইঙ্গিত দিয়ে, দক্ষিণ কোরিয়ার সৈন্যদের উত্তর কোরিয়ায় আক্রমণের নির্দেশ দেওয়া হবে।    

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি-কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়া নিজেদের পারমানবিক সক্ষমতার প্রমাণ দিতে সপ্তম পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। পিয়ংইয়ং জানিয়েছে, যেকোন সময়ই এ পরীক্ষা হতে পারে। সর্বশেষ ২০১৭ সালে উত্তর কোরিয়া পারমানবিক পরীক্ষা চালায়। নতুন করে পারমানবিক অস্ত্র পরীক্ষার এ ঘোষণায় কোরিয়ান উপত্যকায় উত্তেজনা দেখা দিয়েছে। উত্তর কোরিয়ায় মার্কিনীদের বিশেষ প্রতিনিধি সাং কিম জানিয়েছেন, চলতি বছর পিয়ংইয়ং ৩১টি ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এক জুন মাসেই দেশটি ৮টি ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালায়।

 

 

Link copied!