পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআই সভাপতি ইমরান খান এক সক্ষাৎকারে বলেছেন, “পাকিস্তান এখন দেউলিয়া হওয়ার পথে। পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা হারালে তিন টুকরো হয়ে যাবে পাকিস্তান। যদি চলতি সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া না হয়, তবে এ দেশ আত্মঘাতী হতে যাচ্ছে।”
বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।
ইমরান খান বলেন, “পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দু অন্য কোথাও ছিল বলে আভাস মিলেছে। ক্ষমতার ভরকেন্দ্রটি কোথায় ছিল, তা সবার জানা। পাকিস্তান যদি দেউলিয়া হয়ে যায়, তবে দেশের জন্য এর চেয়ে আর খারাপ কী ঘটতে পারে। ’তার মতে, ইনস্টিটিউশনগুলো যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, তবে পাকিস্তান ভেঙে তিন টুকরো হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “বেলুচিস্তানকে বিচ্ছিন্ন করতে বিদেশে ভারতীয় থিংকট্যাংকগুলো চিন্তাভাবনা করছে। তাদের পরিকল্পনা রয়েছে। যে কারণে আমি চাপ দিয়ে যাচ্ছি।’ তবে কাকে তিনি চাপ দিচ্ছেন, সেই কথা উল্লেখ করেননি।”
তার অভিযোগ, পাকিস্তানের বর্তমান জোট সরকার যুক্তরাষ্ট্রকে 'সব দিক থেকে' খুশি করবে।
তিনি মনে করেন, পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রধান নওয়াজ শরীফ ও পাকিস্তান পিপলস পার্টির সহ-সভাপতি আসিফ আলি জারদারি সব সময়ই যুক্তরাষ্ট্র-ভারত-ইসরায়েল 'চক্রকে' কুশি করতে কাজ করেছেন।
ইমরান বলেন, “আমাকে যখন ক্ষমতাচ্যুত করা হয় তখন ভারতে উল্লাস হয়েছে। যেন (প্রধানমন্ত্রী) শাহবাজ শরীফ একজন ভারতীয়।”