অত্যধিক ‘উৎকৃষ্ট’ ব্যক্তির মদে আসক্তির শঙ্কা বেশি: গবেষণা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৪, ২০২২, ০৮:৪৫ পিএম

অত্যধিক ‘উৎকৃষ্ট’ ব্যক্তির মদে আসক্তির শঙ্কা বেশি: গবেষণা

অতিমাত্রায় উৎকৃষ্ট বা পারফেক্ট থাকার আকাঙ্ক্ষা মানুষকে মদের প্রতি দূর্বলতা বাড়িয়ে দিতে পারে। সম্প্রতি এমনই তথ্য বেরিয়ে এসেছে বেলজিয়ামের একদল গবেষকদের গবেষণায়।   

চলতি মাসের শুরুতে অ্যালকোহলিজম: ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল রিসার্চ-এ প্রকাশিত হয়েছে ওই গবেষকদের চালানো গবেষণার ফল।

গবেষণার ফলে বলা হয়েছে, বেশি মাত্রায় পরিপাট্য বা অত্যধিক উৎকৃষ্ট একজন ব্যক্তির মদের প্রতি দুর্বলতা বাড়িয়ে দিতে পারে। গবেষণায় দেখা  গেছে, অত্যধিক মদ্যপানসংক্রান্ত মানসিক বৈকল্যের (এসএইউডি) সঙ্গে ব্যক্তির অবাস্তব প্রত্যাশা ও সংবেদনশীলতার সংযোগ রয়েছে।

বেশিমাত্রায় মদ্যপানের প্রবণতাকে চিকিৎসাবিজ্ঞানে ‘ডিসঅর্ডার’ বা ভারসাম্যহীনতা হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের ভারসাম্যহীন ব্যক্তি তার শারীরিক অবস্থা বা সামাজিক ও পেশাগত ঝুঁকির পরোয়া না করে মদ্যপান চালিয়ে যান।

বেলজিয়ামের গবেষক দলটি  অতিমাত্রায় পরিপাটি বা উৎকৃষ্ট  থাকার প্রবণতার সঙ্গে এসএইউডির সম্পর্ক যাচাই করে দেখেছেন। তারা এজন্য  একই লিঙ্গের ৬৫ জন প্রাপ্তবয়স্ককে দুটি দলে ভাগ করা হয়।  এদের একটি দলের সবাই এসএইউডিতে ভুগছেন। অন্য দলটির মদে আসক্তি তেমন একটা নেই।

গবেষণায় দেখা গেছে, এসএইউডিতে ভুগছে এমন দলটির সদস্যের পারফেক্ট থাকার প্রবণতা অন্য দলের তুলনায় ৭৯ ভাগ বেশি। মদে আসক্ত ব্যক্তিদের মধ্যে সমাজ নির্ধারিত পারফেকশনিজমের ধারণা অনুসরণের আগ্রহও বেশি দেখা গেছে। এই ব্যক্তিদের মধ্যে বেশি মাত্রায় বিষণ্নতার উপসর্গ এবং উদ্বেগ লক্ষ করেছেন গবেষকেরা। অর্থাৎ সমাজের মানদণ্ড অনুযায়ী পারফেক্ট থাকতে পারছেন কি না তা নিয়ে এসব ব্যক্তি সারাক্ষণ উদ্বেগে ভোগেন।

গবেষণা বলছে, পারফেক্ট থাকার চেষ্টায় কোনো ভুল হচ্ছে কি না, সেই উৎকণ্ঠা তাড়িয়ে বেড়ায় এসএইউডি আক্রান্তদের। মদের দিকে তাদের আরও ঝুঁকে পড়ার এটি প্রধান কারণ হতে পারে। এর আগে আরও কয়েকটি গবেষণায় একই ধরনের ফল পাওয়ার কথা জানিয়েছিলেন গবেষকেরা।

Link copied!