ভারতের উত্তরপ্রদেশে একটি অটোতে একজন কিংবা পাঁচজন নয়, পাওয়া গেলো ২৭ যাত্রীকে। পুলিশ অটোটি আটকালে চোখে পড়ে এমন দৃশ্য।
এ ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা গেছে যে, অটোচালক ২৭ জন যাত্রী পরিবহন করছেন। অটোটি পুলিশ থামানোর পর সেখান থেকে একে একে বের হন ২৭ জন যাত্রী।
একটি অটোরিকশায় সাধারণত তিনজন উঠতে পারেন। কিছু কিছু অটোরিকশায় সামান্য পরিবর্তন আনা হয়, যেন ৬ জন পর্যন্ত বসতে পারেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ প্রথমে গতিসীমা অতিক্রম করে চলা ওই অটোটিকে থামতে বলেছিল। কিন্তু চালক সেই নির্দেশ না শুনে উল্টো গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ পরে ওই টুকটুকটিকে (স্থানীয়ভাবে অটোরিকশা এই নামেই পরিচিত) ধাওয়া করে এবং থামতে বাধ্য করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও বেশ আলোড়ন সৃষ্টি করেছে; এরই মধ্যে ভিডিওটি কয়েক লাখ ব্যবহারকারী দেখে ফেলেছেন, যাদের অনেকেই ঘটনাটি নিয়ে মজা করতেও ছাড়ছেন না।
কারও কারও মতে, এই ঘটনা অবশ্যই ‘বিশ্বরেকর্ডের’ স্বীকৃতি পাওয়ার দাবিদার। অনেকে আবার ভারতে জনসংখ্যার তুলনায় গণপরিবহন যে পর্যাপ্ত নয়, সেদিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন।