মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্ঘ মাউন্ট এভারেস্টের বেজ ক্যাস্পে অবস্থান করা এক নেপালি শেরপা। মাউন্ট এভারেস্টে চারজনের পর্বতারোহী দলের নেপালি গাইড বুদধি বাহাদুর লামা করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে একটি তাবুতে আইসোলেশনে রয়েছেন। তার আক্রান্ত হওয়ার ঘটনায় বেজ ক্যাম্পে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা ও জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে জানিয়েছেন পর্বতারোহীরা।
তবে বার্তা সংস্থা এএফপিকে ৩৫ বছর বয়সী লামা বলেন, ‘এটি কেবল আমাদের সমস্যা নয়, এই মুহূর্তে বেজক্যাম্পের বেশীর ভাগ দলেই এই সংক্রমণ ঘটেছে।
এএফপি’র খবরে আরও বলা হয়, নেপাল সরকার এখন পর্যন্ত এভারেস্টে কারও করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঘটনা স্বীকার করেনি। তবে পর্বতারোহী দলের সদস্যদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর একারণে অন্তত দুটি কোম্পানি তাদের পর্বতারোহন কর্মসূচি স্থগিত করেছে। শুধু তাই নয় কয়েক ডজন পর্বতারোহীকে আকাশ পথে বেজ ক্যাস্প থেকে ফিরিয়ে আনা হয়েছে।
এই উচ্চতায় শ্বাস নেয়াই কঠিন, সেখানে করোনা উপসর্গ দেখা দিলে সেটা মারাত্মক ঝুঁকিপূর্ণ।ক্যাম্প ক্লিনিকের এক কর্মকর্তা বলেছেন,সম্প্রতি স্বাস্থ্যগত কারণে ৩০ জনের বেশী পর্বতারোহীকে আকাশ পথে সরিয়ে আনা হয়েছে, তাদের অনেকে সামাজিক মাধ্যমে পোস্টে তাদের করোনার চিকিৎসার কথা জানিয়েছেন।
তুলনামূলক উষ্ণ আবহাওয়ায় এভারেস্ট এবং অন্যান্য শৃঙ্গে পর্বতারোহনের এই মৌসুমে নেপালে কোভিড- ১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনা একই সময়ে ঘটলো। দুই মাস আগে থেকে পর্বতারোহন শুরু হয়েছে।
প্রায় ১ হাজার পর্বতারোহী এখনও তাবুতে রয়েছেন, তাদের সঙ্গে নেপালি গাইড রয়েছেন। ইতোমধ্যেই ৩৫০ জনের বেশী পর্বতারোহী সামিটের কাছাকাছি রয়েছেন, তবে তারা পরবর্তী উপযোগি আবহাওয়ার অপেক্ষায় বেজ ক্যাম্পে রয়েছেন।