কলম্বিয়া থেকে অজগর এলো টঙ্গীতে!

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২১, ০৪:১১ পিএম

কলম্বিয়া থেকে অজগর এলো টঙ্গীতে!

সুদূর দক্ষিণ আমেরিকার কলম্বিয়া থেকে টঙ্গীর আনোয়ার ইস্পাত কারখানা নামক একটি ইস্পাত কারখানায় কাঁচামাল আনা হয়েছিল। সেই মাল আনলোড করতে গিয়ে বেরিয়ে আসে একটি অজগর।

পরে ঘটনাটি জানানো হয় বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা অজগরটি উদ্ধার করে রবিবার (২০ জুন) বিকেলে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠিয়েছে।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক গণমাধ্যমকে জানিয়েছেন, অজগরটি বোয়া কন্সট্রিকটর জাতের। এটি লম্বায় প্রায় ছয় ফুট আর ওজন চার কেজি। বয়স আনুমানিক সাত মাস। দীর্ঘদিন না খেয়ে থাকায় অজগরটি বেশ দুর্বল ছিল। এ ছাড়া শরীরে একটি আঘাতও রয়েছে।

অসিম মল্লিক জানান, টঙ্গীর এই কারখানায় বরাবরের মতোই দেশের বাইরে থেকে কিছু কাঁচামাল আমদানি করে। তা কলম্বিয়া থেকে জাহাজযোগে প্রায় তিন মাস আগে রওনা হয়। গত শনিবার কনটেইনার আনোয়ার ইস্পাতের টঙ্গীর ওয়্যার হাউসে পৌঁছায়। মালগুলো আনলোড করার সময় কাঁচামালের সঙ্গে একটি অজগর চোখে পড়ে। তা দেখে তাত্ক্ষণিক কারখানার কর্মকর্তাদের জানায় শ্রমিকরা। পরে কারখানা ব্যবস্থাপক (প্রশাসন) মো. মিজানুর রহমান ঘটনাটি বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটকে জানান।

জানা যায়, কলম্বিয়া উপকূলীয় অঞ্চলে এ ধরনের অজগর পাওয়া যায়। এটি অজগরের আরেকটা প্রজাতি। হয়তো সেখান থেকে কোনোভাবে এটি কনটেইনারের কাঁচামালের ভেতর ঢুকে পড়ে। তিন মাস ধরে সেখানে কিছু না খেয়ে অবস্থান করছিল। ফলে দুর্বল হয়ে পড়েছিল অজগরটি।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, ‘অজগরটিকে পার্কের ভেতর কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’

 

 

Link copied!