গাছের সাথে গাছের বিয়ে, কাজী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২২, ০৪:২২ পিএম

গাছের সাথে গাছের বিয়ে, কাজী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

কুমিল্লার একটি স্কুলে সম্প্রতি হয়ে গেলো গাছের সাথে গাছের বিয়ের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। খবর বিবিসি বাংলার’র।

আয়োজকরা মনে করেন, এ ধরণের উদ্যোগ শিশুদের মধ্যে গাছ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি মানুষের নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে।

জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণে আম গাছের সাথে বিয়ে হয় আমড়া গাছের। আবার কাঠাল গাছের বিয়ে হয় পেয়ারা গাছের সাথে। বর ও কনেরপক্ষে স্বাক্ষর দিয়েই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের কাজী ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।

শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগরণের লক্ষ্যে টিফিনের টাকায় ১ লাখ গাছের চারা বিতরণ ও গাছে গাছে বিয়ের এই ব্যতিক্রমী আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ।

গত বৃহস্পতিবার সকালে কালী বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাছে-গাছে বিয়ে অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা বিতরণ করা হয়। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।

আয়োজক সংগঠনের ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শুভাশিস ঘোষ গণমাধ্যমকে বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্যবর্ধনে গাছ রোপণের বিকল্প নেই। আমি আশা করি, লাল-সবুজ উন্নয়ন সংঘ থেকে অনুপ্রাণিত হয়ে অন্যরাও সবুজায়নের লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণ করবে ও গাছের যত্ন নেবে।”

 

Link copied!