জনহিতকর কাজে শহীদ আফ্রিদি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৫, ২০২২, ০৫:৫৭ পিএম

জনহিতকর কাজে শহীদ আফ্রিদি

জনহিতকর কাজ শহীদ আফ্রিদির খুবই প্রিয়। আফ্রিদি তার নিজের শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের মাধ্যমে গত ২ বছর ধরে পাকিস্তানের করাচি ও লাহোরের গরীব মানুষের মাঝে নানা ধরণের সাহায্য-সহযোগিতা করে আসছেন। পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আফ্রিদি এখন তাঁর ফাউন্ডেশনের কর্মপরিধি আরও বাড়াতে চাইছেন। পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ গরিব মানুষের মাঝে চিকিৎসাসুবিধা পৌঁছে দিতে আফ্রিদি প্রতিষ্ঠা করতে চান মোবাইল হাসপাতাল। সেই সঙ্গে পাকিস্তানি তরুণদের ভবিষ্যতের কথা ভেবে একটি তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনও তাঁর স্বপ্নের অংশ।

সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের প্যানেল আলোচনায় আফ্রিদি পাকিস্তানি তরুণ ও যুবকদের জন্য তথ্যপ্রযুক্তি–বিষয়ক পড়াশোনার প্রতি গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে করাচি, ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারের মতো বড় শহরগুলোর বাইরে তরুণেরা যেন তথ্যপ্রযুক্তি–বিষয়ক শিক্ষায় শিক্ষিত হতে পারেন, সেটি নিয়ে ভাবনা তাঁর। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে পাকিস্তানের তরুণ প্রজন্ম যেন শিক্ষিত হতে পারে, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে—আফ্রিদির লক্ষ্য ও চিন্তা এমনই।

মধ্যপ্রাচ্যভিত্তিক পত্রিকা দ্য গলফ টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারেও বিভিন্ন জনহিতকর চিন্তার কথা তুলে ধরেছেন আফ্রিদি, ‘এ মুহূর্তে শহীদ আফ্রিদি ফাউন্ডেশন পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল হাসপাতাল প্রতিষ্ঠার কথা ভাবছে। গ্রামের সাধারণ গরিব মানুষ যেন তাদের বাড়ির দোরগোড়ায় চিকিৎসাসুবিধা পায়, আমাদের চিন্তাভাবনা এমনই। পাকিস্তানের গ্রামাঞ্চলের অনেক মানুষই মৌলিক চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত। আমরা এ জায়গায় কাজ করতে চাই।’

Link copied!