ফেব্রুয়ারি ১৭, ২০২২, ১২:৪২ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৯ সালে নিখোঁজ হওয়া এক শিশুকে সিঁড়ির নিচে একটি গোপন কক্ষ থেকে জীবিত উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিউইয়র্ক রাজ্য পুলিশ স্থানীয় গণমাধ্যমগুলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির খবরে বলা হয়, পাইসলি শুল্টিস নামে ওই শিশুটির বর্তমান বয়স ছয় বছর। গত সোমবার সজার্টিজ শহরের একটি বাড়িতে তাকে পাওয়া যায়। শিশুটি বর্তমানে সুস্থ আছে। এখন তার আইনি অভিভাবক ও বড় বোনের কাছে তাকে হস্তান্তর করেছে পুলিশ।
বিবিসির খবরে বলা হয়েছে, পাইসলির আসল বাবা মায়ের বিরুদ্ধে নিজের সন্তানের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগ এনেছিল পুলিশ। পুলিশের এক বিবৃতি অনুসারে, ২০১৯ সালের জুলাইয়ে নিউইয়র্কের টিয়োগা কাউন্টি থেকে পাইসলির নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তখন তার বয়স ছিল চার বছর।
ওইসময় কর্তৃপক্ষ ধারণা করেছিল, তাকে তার আসল বাবা-মা অপহরণ করেছে। ২০১৯ সালেই পাইসলি ও তার বোনের অভিবাবকত্ব হারায় তাদের বাবা-মা।
নিউইয়র্ক পুলিশ জানায়, তাদের ধারণা এ কারণেই পাইসলিকে অপহরণ করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদের পর ওই বাড়ির বিষয়ে জানতে পারে পুলিশ। এর আগেও ওই বাড়িতে তল্লাশি চালায় তারা। কিন্তু তখন সন্দেহজনক কিছু চোখে পড়েনি পুলিশের।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ওই বাড়িটির মালিক ৫৭ বছর বয়স্ক কির্ক শুল্টিস। সর্বশেষ দিন তল্লাশির সময় তিনি উপস্থিত ছিলেন। তখনো পাইলসির বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন তিনি।
যদিও তল্লাশির একপর্যায়ে বাড়ির সিঁড়ির কাছে আরেকটি কক্ষের সন্ধান পান তল্লাশি দলের সদস্যরা। অবশেষে কয়েকটি বোর্ড সরিয়ে নেয়ার পর অদ্ভুতভাবে তৈরি এক কক্ষ থেকে পাইসলিকে উদ্ধার করা হয়।