নির্বাচনের আগে দেওয়া নগদ টাকা, শাড়ি-পাঞ্জাবির টাকা ফেরত নিচ্ছেন জেলা পরিষদ সদস্য

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩, ২০২২, ১১:২৭ পিএম

নির্বাচনের আগে দেওয়া নগদ টাকা, শাড়ি-পাঞ্জাবির টাকা ফেরত নিচ্ছেন জেলা পরিষদ সদস্য

নির্বাচনের আগে মূল্যবান ভোট পেতে ভোটারদের নগদ টাকা, শাড়ি-লুঙ্গি-পাঞ্জাবির টাকা দিলেও জয়ী হওয়ার পর অর্থসহ ওইসব ফেরত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রংপুর জেলা পরিষদ নির্বাচনে জয়ী হওয়া সদস্য আলতাব হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা এমন অভিযোগ তুলেন।

ইউনুস আলী নামে এক ইউপি সদস্য গণমাধ্যমকে বলেন, ‘ভোটের আগের রাতে আলতাব আমার বাড়িতে এসে ভোট দেওয়ার জন্য চেয়ারম্যানকে এক লাখ এবং পুরুষ ও নারী সদস্যদের ৫০ হাজার করে টাকা দেন। কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি সবার কাছ থেকে চাপ প্রয়োগ করে টাকা ফেরত নিয়েছেন।’

নির্বাচনে জয়ী রংপুর জেলা পরিষদ সদস্য আলতাফ হোসেন। ছবি: সংগৃহীত

ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম বলেন, আলতাব টাকা ফেরত দিতে হুমকি দেন। পরে ইউনিয়ন পরিষদ ভবনের দ্বিতীয় তলায় তাকে ডেকে চেয়ারম্যানের উপস্থিতিতে আমরা সবাই তাকে টাকা ফেরত দিয়েছি।

এ ছাড়া ইউপি সদস্য আব্দুল মতিন, রফিকুল ইসলাম ও রুহি বেগম বলেন, আমরা কেউ আলতাবের কাছ থেকে টাকা চাইনি। তিনি নিজেই ভোট দেওয়ার জন্য জোর করে টাকা দিয়েছিলেন। কিন্তু জেতার পর আমরা নাকি তাকে ভোট দেইনি এমন অভিযোগে টাকা, মিষ্টি, পাঞ্জাবি, শাড়ি এবং বাচ্চাদের জন্য দেওয়া উপহারসামগ্রীও ফেরত চান। না দিলে আমাদের অপদস্থ করা হবে বলে হুমকি দেন। সম্মানের ভয়ে আমরা সবাই সব ফেরত দিয়েছি।

এ বিষয়ে টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযুক্ত আলতাব হোসেন বলেন, নির্বাচনে আমি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি। তারা আমাকে সম্মানিত করেছেন। তবে আমি কাউকে টাকা দেইনি, কারও কাছে টাকা ফেরতও চাইনি।

Link copied!