আগস্ট ২, ২০২২, ০৮:৪৬ এএম
ভারতের বিহারে একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষায় এক শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ১০০ নম্বরের মধ্যে ১৫১ নম্বর পেয়েছেন। একই বিশ্বদ্যিালয়ের অপর এক শিক্ষার্থী অ্যাকাউন্টিং ও ফিন্যান্স পরীক্ষায় শূন্য নম্বর পেলেও তাকে পরের গ্রেডে উন্নিত করা হয়েছে।
গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিহারের দারভাঙ্গা জেলার ললিত নারায়াণ মিথিলা বিশ্ববিদ্যালয়ে (এলএনএমইউ) এ ঘটনা ঘটেছে। স্নাতকের ওই শিক্ষার্থী জানান, তিনি পার্ট-২ পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের চতুর্থ পত্রে ১০০ নম্বরের মধ্যে বিস্ময়কর নম্বর পেয়েছেন।
ওই শিক্ষার্থী বলেন, “আমি এ ফল দেখে সত্যিই অবাক হয়েছি। যদিও এটা ছিল একটি অস্থায়ী মার্কশিট। তবে, ফল প্রকাশের আগে তা কর্তৃপক্ষের পরীক্ষা করা উচিত ছিল।”

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানটির অপর এক শিক্ষার্থী তাঁর অ্যাকাউন্টিং ও ফিন্যান্স পরীক্ষায় শূন্য নম্বর পেয়েছেন। এ নম্বর পাওয়া সত্ত্বেও তাঁকে পরের গ্রেডে উন্নীত করা হয়েছে।
এই শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে যে, তাঁর ফলাফলের ক্ষেত্রে টাইপিং ত্রুটি ছিল। পরে তাঁকে একটি সংশোধিত মার্কশিট দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে দুটি মার্কশিটেই টাইপিং ত্রুটি ছিল বলে স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুশতাক আহমেদ। তিনি বলেন,“টাইপোগ্রাফিক ত্রুটি সংশোধনের পর উভয় শিক্ষার্থীকে নতুন মার্কশিট দেওয়া হয়েছে।” এগুলো শুধুই টাইপোগ্রাফিক ত্রুটি ছিল, অন্য কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।